ইরাকি জঙ্গিদের ওপর যুক্তরাষ্ট্রের হামলা জোরদার
উত্তর ইরাকে ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহী জঙ্গিদের ওপর যুক্তরাষ্ট্র আরো দুই দফা বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) ও নৌবাহিনীর বিমানগুলো কুর্দি শহর ইরবিলের কাছাকাছি আইএস এর অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালায় বলে পেন্টাগনের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আইএসের একটি মর্টার অবস্থান ধ্বংস হয়ে একদল জঙ্গি নিহত হন।
এরআগে একইদিন একই লক্ষ্যে হামলার মাধ্যমে আইএসের বিরুদ্ধে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।
উগ্রপন্থী সুন্নি এই মুসলিম গোষ্ঠীটি সিরিয়ার উত্তরাঞ্চলসহ ইরাকের উত্তর ও পূর্বাঞ্চলের বিশাল এলাকা দখল করেছে।
ইরাকের উত্তরাঞ্চলে গোষ্ঠীটির অগ্রাভিযানে ইরাকের সংখ্যালঘু সম্প্রদায়গুলোর লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।
এর আগে আইএসআইএস নামে পরিচিত আইএস ইরাকের বৃহত্তম বাঁধেরও দখল নিয়েছে।
২০১১ সালে ইরাক থেকে সেনা প্রত্যাহারের পর দেশটিতে চালানো এই বিমান হামলাগুলোই যুক্তরাষ্ট্রের সরাসরি প্র্রথম সামরিক পদক্ষেপ।
দ্বিতীয় বার বিমান হামলা চালানোর কিছুক্ষণ পর ইরাকের উত্তরাঞ্চলে ঘরবাড়ি হারিয়ে সিনজার পার্বত্য এলাকায় আশ্রয় নেয়া লোকজনকে সহায়তার উদ্দেশ্যে দ্বিতীয়বারের মতো বিমান থেকে ত্রাণ ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটি।
আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা গোষ্ঠীটির কার্যকলাপের ভিত্তিতে চালানো হবে এবং এর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো সময় নির্দিষ্ট করে দেননি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট।
প্রাথমিকভাবে আইএস জঙ্গিদের ইরবিল অভিমুখে অগ্রসর হওয়া ঠেকানোই তাদের লক্ষ্য বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
