গাজায় ফের সহিংসতা: নিন্দায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র
গাজা ও ইসরায়েলে পাল্টাপাল্টি হামলা ফের শুরু হওয়ায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। শত্রুতা বন্ধে উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় তিন দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েল।
এতে ওই দিন গাজায় পাঁচ ফিলিস্তিনি নিহত হন, অপরদিকে মর্টার গোলার বিস্ফোরণে দুই ইসরায়েলি আহত হন।
গাজা থেকে নিক্ষিপ্ত হামাসের রকেট হামলার জবাব দিতেই ফের হামলা শুরু করা হয়েছে বলে দাবী করেছে ইসরায়েল।
লড়াই ফের শুরু করার নিন্দা জানিয়ে জাতিসংঘ বলেছে, বেসামরিকদের ওপর আবার নেমে আসা দুর্ভোগ “মেনে নেয়া যায় না”।
হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেছেন, দুপক্ষের একটি “স্থায়ী যুদ্ধবিরতির” লক্ষ্যে কাজ করা উচিত।
ইসরায়েল তাদের দাবী মেনে না নেয়ায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখান করেছে বলে জানিয়েছে হামাস।
এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, “এই দ্বন্দ্বের কারণে বেসামরিকদের আরো দুর্ভোগ ও মৃত্যু মেনে নেয়া যায় না।”
“মানবিক যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার জন্য দুপক্ষকে দ্রুত একটি পথ বের করে, দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির পৌঁছানোর জন্য কায়রোতে আলোচনা চালিয়ে যাওয়ার” আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
ওদিকে হোয়াইট হাউসে আর্নেস্ট বলেছেন, “হামসের রকেট হামলা শুরু করার সিদ্ধান্ত ইসরায়েল এবং গাজার মানুষদের জন্য শুধু মারাত্মক ঝুঁকিই তৈরি করেনি, এটি ফিলিস্তিনিদের প্রত্যাশা পূরণেও কোনো ভূমিকা রাখতে পারবে না।”
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আশা করে আসছে সময়গুলোতে উভয়পক্ষ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হবে এবং এর মাধ্যমে দীর্ঘস্থায়ী একটি যুদ্ধবিরতি নিশ্চিত করতে সমঝোতায় পৌঁছবে।”
জাতিসংঘ জানিয়েছে, চার সপ্তাহ ধরে চলা গাজার সহিংসতায় ১,৯০০শ’রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই বেসামরিক।
একই সময় ইসরায়েলের দিকে ৬৭ জন নিহত হয়েছে, এদের মধ্যে ৬৪ জনই সেনা সদস্য।
