২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ঐক্য সরকার গঠনে চুক্তি

আফগানিস্তানে জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য চুক্তি সই করেছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 09:20 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠকের পর প্রার্থীরা এক সংবাদ সম্মেলনে একথা জানান।

জুনে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনী ফল নিয়ে প্রধান দুই প্রার্থী আশরাফ গনি এবং আবদুল্লাহ আবদুল্লাহ বিরোধে জড়িয়ে পড়েছিলেন।

ঐক্য সরকার গড়তে এখন দুইজনের মধ্যে চুক্তি দেশটিতে সমস্যার সমাধান বয়ে এনেছে বলে মন্তব্য করেছেন কেরি।

শুক্রবার গনি বলেন, “আমরা একটি জাতীয় ঐক্যের সরকার গড়ব। নির্বাচনী প্রচারের সময় আমাদের মধ্যে থাকা বিভক্তির চেয়ে এখনকার এ ঐক্য অনেক বড় ব্যাপার”।

চুক্তিটি হওয়ার আগে দুই প্রার্থীর সঙ্গে কাবুলে কথা বলেন কেরি।

ক্ষমতা ভাগাভাগির এ চুক্তির আওতায় সরকারের কাঠামোটা কি হবে তা এখনো স্পষ্ট নয়।গনি বলেছেন, সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হতেই এ চুক্তি। ওদিকে, আবদুল্লাহ বলছেন, এ চুক্তির মধ্য দিয়ে তারা দুইজনই একসঙ্গে কাজ করে যাওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করে নিয়েছেন।

যুক্তরাষ্ট্র চায় সেপ্টেম্বরের শুরুতে নেটো সম্মেলনকে সামনে রেখে এ সময়ের মধ্যেই নতুন আফগান সরকার গঠিত হোক।

গত জুনে অনুষ্ঠিত আফগানিস্তানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের পর ভোটগণনা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ফলাফলে আশরাফ গানিকে এগিয়ে থাকতে দেখা গেলেও অপর প্রার্থী আব্দুল্লাহও জয় দাবি করে।

হারিয়ে দেয়া হলে প্রয়োজনে পৃথক সরকার গঠনেরও হুমকি দেন আব্দুল্লাহ যিনি প্রথম দফার নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছিলেন।

বিরোধ মাথাচাড়া দেয়ায় গত মাসে একবার কাবুল সফর করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কেরি। ওই দফার প্রচেষ্টায় দুই প্রার্থীই ক্ষমতার ভাগাভাগির বিষয়ে মৌখিকভাবে সম্মত হলেও পরে আবার বেঁকে বসে।

দুই প্রতিদ্বন্দ্বীর বিরোধ দিশটিতে জাতিগত দাঙ্গায় রূপ নিতে পারে বলে অনেকে আশঙ্কা করতে থাকেন।

উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষাপটে জাতিসংঘের তত্ত্বাবধানে পুনঃরায় ভোট গণনা শুরু হয়। প্রায় ৮০ লাখ ব্যালট পেপার গণণা শেষে চলতি অগাস্টের শেষ দিকে ফল প্রকাশ করা যাবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার দ্বিতীয় দফায় কাবুল সফরে গিয়ে কেরি বলেন, “হার-জিতের হিসাব বের করার জন্য এই ভোট গণনা নয়। আফগান জনগণের আকাঙ্ক্ষার কথা বিবেচনায় রেখে একটি গ্রহণযোগ্য ফলাফল নিয়ে আসাই ভোট গণনার মূল উদ্দেশ্য।