চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে।
বুধবার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪ টায় চীনের ইউনান প্রদেশের লুদিয়ান এলাকায় ৬ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পটি হয়। ১৪ বছরের মধ্যে ওই এলাকায় সংঘটিত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।
ভূমিকম্পটিতে ২৪০১ জন আহত হয়েছেন বলে সরকারি হিসাবের বরাত দিয়ে জানিয়েছে সিনহুয়া।
ইউনান প্রদেশের জন সম্পর্কিত বিভাগ জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লুদিয়ান কাউন্টিতে ৫০৪ জন এবং কিয়াওজিয়া কাউন্টিতে ৭২ জনের মৃত্যু হয়েছে।
ওই দুটি এলাকার ৮০ হাজার ঘরবাড়ি ধসে পড়েছে এবং ২ লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
উদ্ধার কাজের জন্য কয়েক হাজার পুলিশ সদস্য, দমকলকর্মী ও সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
