২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ সীমান্তের ভিতরে ৩০০ ইউক্রেইনীয় সেনা

ইউক্রেইনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র লড়াইয়ের এক পর্যায়ে তিনশ’রও বেশি ইউক্রেইনীয় সেনা সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় প্রবেশ করেছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 02:18 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার পূর্ব ইউক্রেইনের গুকোভো চেকপয়েন্ট দিয়ে দেশটির ৩১১ জন সেনা রাশিয়ায় প্রবেশ করেছে।

রুশ নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেইনের ৪৩৮ জন সেনাকে “স্বপক্ষত্যাগী” হিসেবে রাশিয়ায় আশ্রয় দেয়া হয়েছে।

অপরদিকে ইউক্রেইনীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আন্দ্রে লাইসেঙ্কো এক বিবৃতিতে বলেছেন, “ওই সেনা ও সীমান্তরক্ষীরা রাশিয়ায় প্রবেশ করতে বাধ্য হয়েছে।”

কূটনেতিক চ্যানেলের মাধ্যমে এসব সেনাকে ইউক্রেইন ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।

বিবৃতিতে ওই সেনারা স্বপক্ষত্যাগ করেছে বলে রাশিয়া যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছেন তিনি।

এছাড়া লড়াইয়ের সময় বিচ্ছিন্নতাবাদীরা কিছুসংখ্যক ইউক্রেইনীয় সেনাকে আটক করেছে এমন খবরও অস্বীকার করেন লাইসেঙ্কো।

রুশ বাহিনী ধারাবাহিক রকেট নিক্ষেপের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করছে, ইউক্রেইনের এমন অভিযোগের পর দেশ দুটির সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ইউক্রেইন সামরিক বাহিনীর অপর এক মুখপাত্র বলেছেন, লড়াই চলাকালে গোলাবারুদ ও অন্যান্য রসদ ফুরিয়ে যাওয়ার পর ওই সেনাদলটি রাশিয়ায় ঢুকে পড়তে বাধ্য হয়।

ওই সেনারা ইউক্রেইনের ৭২তম যান্ত্রিক বিগ্রেডের সদস্য বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেইনীয় সেনারা এগিয়ে যাচ্ছিল এবং তারা দোনেস্ক ও লুহানস্কে ৬০টিরও বেশি টাউন দখল করেছে বলে দাবি করেছিল।

এদিকে রাশিয়া জানিয়েছে, চলতি সপ্তাহে ইউক্রেইন সীমান্তের কাছে বিমান বাহিনীর একটি মহড়া পরিচালনা করবে তারা। ওই মহড়ায় বিমান বাহিনীর ১০০টি বিমান অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।