২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় অস্ত্রবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

গাজায় ইসরায়েল ৭ ঘন্টার একতরফা অস্ত্রবিরতি ঘোষণার কিছুসময় পরই একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে হামাস-ইসরায়েল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 05:23 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

গাজার শরণার্থী শিবিরগুলোতে সোমবার বোমা হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল তাদের স্বঘোষিত অস্ত্রবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইসলামপন্থি দল হামাস।হামলায় ৮ বছরের এক বালিকা নিহত এবং ২৯ জন আহত হয়েছে।

ইসরায়েলের এক সামরিক মুখপাত্র হামলার এ খবর খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। তবে অস্ত্রবিরতির জন্য হামাসকে পাল্টা দোষারোপ করেছেন তিনি।

অস্ত্রবিরতি শুরুর পরই গাজা থেকে ৪ টি রকেট ছোড়া হয়েছে এবং দুটি রকেট ইসরায়েলের ভূখন্ডে আঘাত হেনেছে বলে দাবি করেন ওই মুখপাত্র। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি।

মানবিক ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েলের গাজায় ৭ ঘন্টার একতরফা অস্ত্রবিরতি করার ঘোষণা দিয়েছিল। এ অস্ত্রবিরতি শুরু হওয়ার কথা ছিল সোমবার সকাল থেকেই।

কিন্তু অস্ত্রবিরতি শুরুর সময়েই শাতি আশ্রয় শিবিরের একটি বাড়িতে হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা বলেছে।

রোববার জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলার পর ওয়াশিংটনের কড়া সমালোচনার মুখে ইসরায়েল সাময়িক ওই অস্ত্রবিরতির ঘোষণা দেয়। হামাস সঙ্গে সঙ্গেই এ ঘোষণা নিয়ে সন্দেহ প্রকাশ করে।

হত্যাযজ্ঞ থেকে নজর ফেরানোর অপচেষ্টায় অবরুদ্ধ গাজার অংশ বিশেষে ইসরায়েল একতরফা এ অস্ত্রবিরতির ঘোষণা করেছে বলে মন্তব্য করেন হামাসের মুখপাত্র শমী আবু জুহরি।

গাজার কয়েকটি এলাকায় ৭ ঘন্টার এ অস্ত্রবিরতি করার কথা জানিয়েছিল ইসরায়েল। সকাল ১০ টায় শুরু হয়ে স্থানীয় সময় বিকাল ৫ টা পর্যন্তেএ বিরতি চলার কথা রয়েছে।

ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাফা শহরে এ অস্ত্রবিরতি কার্যকর হবে না এবং ইসরায়েলি সেনারা আক্রান্ত হলে জবাব দেবে।

কিন্তু এরই মধ্যে গাজার একটি বাড়িতে হামলা চালিয়ে ইসরায়েল অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, অস্ত্রবিরতি শুরুর কয়েক মিনিটের মধ্যেই গাজার একটি আশ্রয় শিবিরে বিমান হামলা হয়েছে।

ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতারা বলেছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়ে যেতে দেখেছেন। হামলায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।

গাজায় প্রায় একমাস ধরে চালানো ইসরায়েলের ত্রিমুখী সেনা অভিযানে এ পর্যন্ত ১,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই সাধারণ নাগরিক। ইসরায়েল গাজায় ‘বেসামরিক জনগণ ও স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু’ করে যুদ্ধাপরাধ করছে বলে মানবাধিকার সংগঠনগুলো হুঁশিয়ার করেছে।