ত্রিপোলিতে মিলিশিয়াদের লড়াই, নিহত ২২
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিমানবন্দরের দখল নিয়ে দুটি অস্ত্রধারী গোষ্ঠীর লড়াইয়ে শনিবার অন্তত ২২ জন নিহত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
লিবিয়ায় সরকার বিরোধী মিলিশিয়াগুলোর মধ্যে প্রায় তিন সপ্তাহ ধরে চলা লড়াই শনিবার সকালে তীব্রতর হয়। অস্ত্রধারীদের ছোড়া একটি রকেট শহরের একটি তেলের ডিপোতে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। রোববারও সেখানে আগুন জলতে দেখা গেছে।
লিবিয়ায় অস্ত্রধারীদের দাঙ্গা গৃহযুদ্ধে রূপ নেয়ার আশঙ্কায় দেশটি থেকে দূতাবাসের কার্যক্রম সরিয়ে নিয়েছে কয়েকটি পশ্চিমা দেশ। সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটিতে সম্প্রতি দেশটি সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক বিভক্তির মধ্যে পড়েছে।
লিবিয়ার সরকার রোববার এক বিবৃতিতে জানায়, ত্রিপোলির হাসপাতালে ২২টি মৃতদেহ আনা হয়েছে। এছাড়া সংঘর্ষে আহত আরো ৭২ জন চিকিৎসা নিতে এসেছে।
মধ্যস্থতাকারীরা যুদ্ধরত মিলিশিয়াগুলোকে শান্ত করার চেষ্টা করছেন। তবে পরস্পর বিরোধী দলগুলোর মধ্যে লড়াই তীব্র হয়ে পড়ায় হিমশিম খাচ্ছেন তারা।
২০১১ সাল থেকেই পশ্চিম লিবিয়ার মিসরাতার জিনতান শহরের বিমানবন্দরটির দখলে রেখেছে একটি অস্ত্রধারী গ্রুপ। সেখানেও ইসলামপন্থি অস্ত্রধারী একটি দল বিমানবন্দরের দখল নিতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
মিসরাতায় গাদ্দাফিকে হটানোর লড়াইয়ে অংশ নিয়েছিল কয়েকটি অস্ত্রধারী গ্রুপ। তবে তিন বছর পরেও তারা অস্ত্র ত্যাগে রাজি হচ্ছে না। উল্টো নিজেদের মধ্যে দখলদারিত্বের লড়াইয়ে জড়িয়ে পড়েছে।
লিবিয়ার বেনগাজি শহরেও সাবেক বিদ্রোহী ও ইসলামপন্থি মিলিশিয়ারা যৌথভাবে হামলা চালিয়ে সরকারি সেনাদের একটি ঘাঁটির দখল নিয়েছে। অস্ত্রশস্ত্র রেখে সেখান থেকে পালিয়ে এসেছে সরকারি সেনারা।
বহুচেষ্টা করেও অস্ত্রধারী মিলিশিয়াদের নিয়ন্ত্রণে আনতে পারছেনা লিবিয়ার সরকার ও দুর্বল সেনাবাহিনী। তাদেরকে বেতনভূক্ত করার পাশাপাশি আধা-সরকারি বাহিনীর মর্যাদাও দেয়া হয়েছে। তবে গাদ্দাফি আমলের অনেক যুদ্ধাস্ত্র হাতে পাওয়ার কারণে অনেকটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এসব মিলিশিয়ারা।
