২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স ৭৩২ বছর!

বিশ্বে সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স জানামতে ১২২ এর বেশি না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 11:02 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এর খবর অনুযায়ী, ১৯৯৭ সালে ফ্রান্সে বিশ্বের সবচেয়ে প্রবীণ নারীর মৃত্যু হয়েছিল ১২২ বছরে। অন্যদিকে, ‘দ্য ইকুয়েডর টাইমস’ এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব বেঁচে থাকা সবচেয়ে বয়স্ক নারী জাপানের মিসাও ওকাওয়া। এবছর ৬ মার্চে যিনি ১১৬তম জন্মদিন পার করেছেন।

কিন্তু ভারতে তথ্য অধিকার আইনের (আরটিআই) আওতায় ছত্তিশগড়ের শ্রম অধিদপ্তরের দেয়া তথ্য বলছে, বিশ্বে সবচেয়ে বয়স্ক নারী হচ্ছেন রায়পুরের আবহানপুর এলাকার এক নারী। বয়স ৭৩২ বছর। নাম পুষ্প সাহু।

শুধু তাই নয়। ‘মুখ্যমন্ত্রী সাইকেল সহায়তা যোজনা’ (সাইকেল বিতরণ স্কীম) নামের এক প্রকল্পের আওতায় গত বছর তিনি একটি সাইকেলও পেয়েছেন।

দুর্নীতি প্রতিরোধে চালু হওয়া তথ্য অধিকার আইন আরটিআই’ এর আওতায় রাজিব ব্রিগেড নামে একটি সংগঠনের প্রধান সঞ্জীব আগারওয়ালের সংগৃহীত তথ্যানুযায়ী, রাজ্যটির রায়পুর এলাকায় ১০০ থেকে ৭৩২ বছর বয়সের গ্রুপের ৭ হাজারের বেশি নারী রাজ্য সরকারের এই নারী কল্যাণ স্কীমের সুবিধা পেয়েছে।

‘মুখ্যমন্ত্রী সেলাই মেশিন যোজনা’ এবং ‘মুখ্যমন্ত্রী সাইকেল যোজনা’ নামের এ দুটি স্কীম রাজ্য সরকার শুরু করেছিল ২০০৮ সালে। নারী শ্রমিকদের সহায়তা করতে চালু করা হয়েছিল এ স্কীম। কয়েকটি পরিবারকে চিহ্নিত করে সেসব পরিবারের নারীদের মধ্যে বিতরণ করা হয় সাইকেল ও সেলাই মেশিন।

ছত্তিশগড়ের শ্রম দপ্তরের তথ্যমতে, রাজ্য সরকার রায়পুরের প্রায় ১৯৩৯৮ নারীকে সেলাই মেশিন দিয়েছে, ৪৯৩৬ জন নারী শ্রমিক পেয়েছে সাইকেল।

কিন্তু দপ্তরের নিজেদের তথ্য বলছে, সেলাই মেশিন পাওয়া ১৯৩৯৮ জনের মধ্যে ৬২৩১ জন নারী এবং সাইকেল পাওয়া ৪৯৩৬ জনের মধ্যে ১৩৬৮ নারীর বয়সই ১শ’র ওপরে।

এদের মধ্যে উষা জামগেদ নামের একজনের বয়স দেখানো হয়েছে ৫৩২ বছর।

দপ্তরের দেয়া ঠিকানা ‘একেবারে অস্পষ্ট’ হওয়ায় আগারওয়াল ও তার কর্মীরা পুষ্প সাহু এবং ঊষা জামগাদসহ অন্যান্য বয়স্ক নারীদের হদিস বের করতে পারেনি।

ঘটনাটি রায়পুরের হলেও অন্যান্য এলাকাতেও এরকম হয়েছে বলে নিশ্চিত আগারওয়াল।

প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে তার সন্দেহ। তবে রাজ্য শ্রম বিভাগ বলছে, সফটওয়্যারের ভুলের কারণেই এরকম হয়েছে।