ভালবেসে বিয়ে করায় নবদম্পতি খুন
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তথাকথিত পারিবারিক সম্মান রক্ষার নামে এক নবদম্পতিকে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার দেশটির গণমাধ্যমগুলোতে এ খবর প্রকাশিত হয়েছে।
নিহত তরুণ-তরুণী পাঞ্জাবের চকবাল শহরে নিজ পরিবারের সঙ্গে বসবাস করতো। এক পর্যায়ে তারা একে অপরের প্রেমে পড়ে।
প্রেমের সম্পর্ক পরিণতির দিকে গড়ালে দুই পরিবারে বয়স্করা এতে বাধ সাধে। দুই পরিবারের কেউ তাদের বিয়েতে রাজি হয় না।
এ পরিস্থিতিতে প্রেমিক জুটি ৯ জুলাই বাড়ি থেকে পালিয়ে গোপনে বিয়ে করেছিল বলে জানিয়েছে পুলিশ।
১২ জুলাই মেয়ের পরিবার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছিল।
শুক্রবার মেয়েটির ভাইয়েরা নবদম্পতিকে খুঁজে বের করে তাদের ধরে নিজেদের গ্রামের বাড়ির কাছে নিয়ে যায়। সেখানেই তারা বোন ও বোনের স্বামীকে গুলি করে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।
