২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া থেকে দূতাবাস সরাচ্ছে ব্রিটেনও

লিবিয়ায় অস্ত্রধারী মিলিশিয়াগুলোর মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ায় ত্রিপোলি থেকে দূতাবাস সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Aug 2014, 06:55 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

আগামী ৪ অগাস্টের মধ্যে দূতাবাসের কর্মকর্তাদেরকে পাশের দেশ তিউনিসিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

লিবিয়ার অন্যতম শহরে বেনগাজি ও রাজাধানী ত্রিপোলির দখল নিয়ে গত দুই সপ্তাহ ধরে লড়াই করছে প্রতিদ্বন্দ্বী কয়েকটি অস্ত্রধারী গ্রুপ। ইতোমধ্যেই সেখানে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।

সাবেক স্বৈর শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুতির লড়াইয়ের পর সবচেয়ে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়েছে দেশটি।

ইতোমধ্যেই জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ত্রিপোলি থেকে তাদের দূতাবাস সরিয়ে নিয়েছে।  

লিবিয়ায় ব্রিটেনের রাষ্ট্রদূত মাইকেল অ্যারোন ট্যুইটারে লিখেন, “অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে চলে যেতে হচ্ছে এবং লিবিয়ায় দূতাবাসের কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে।”

“যেকোনো সময় ক্রসফায়ায়ের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকি খুবই বেশি।”

৪ অগাস্টের পর থেকে ত্রিপোলিতে কোনো ধরনের কনস্যুলেট সেবা দেয়া হবেনা বলেও জানানো হয় দূতাবাসের পক্ষ থেকে।

অনৈক্যের মধ্যে থাকা লিবিয়ার সরকার ও নবগঠিত সেনাবাহিনী দেশটির শক্তিশালী মিলিশিয়াদের সামলাতে হিমশিম খাচ্ছে। মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে লড়াই করা অস্ত্রধারী গ্রুপ ও দেশটির ক্ষমতা থেকে বঞ্চিত ছোট ছোট রাজনৈতিক দলগুলো নতুন করে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে।