বিমান ‘ভূপাতিত’র নিন্দা বিবেচনায় নিরাপত্তা পরিষদ
ইউক্রেইনে মালয়েশীয় একটি বিমান “গুলি করে ভূপাতিত” করার ঘটনার নিন্দা জানানোর একটি খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিবেচনা করা হচ্ছে।
প্রস্তাবে ওই অঞ্চলের রাষ্ট্রগুলোকে্ আন্তর্জাতিক তদন্তে সহযোগিতা করার আহ্বান জানানো ও দুর্ঘটনাস্থলে তদন্তকারীদের প্রবেশ করতে দিতে সশস্ত্র গোষ্ঠিগুলোর কাছে দাবী জানানোর কথা বলা হয়েছে।
ওই বিমান বিধ্বস্তের ঘটনায় ২৮ নাগরিক হারানো অস্ট্রেলিয়া শনিবার রাতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পেশ করে।
সোমবারের মধ্যে প্রস্তাবটির বিষয়ে ভোট গ্রহণ করা হতে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক।
খসড়া এই প্রস্তবাটিতে “ওই ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিতার জন্য আটক করার ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব রাষ্ট্রের পূর্ণ সহযোগীতা দাবী” করা হয়েছে।
এতে “মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ গুলিতে ভূপাতিত করে ২৯৮ জনের শোচনীয় মৃত্যুর ঘটনার কঠোর ভাষায় নিন্দা” জানানোর এবং “ওই অঞ্চলের সকল রাষ্ট্র ও অন্যান্য পক্ষগুলোকে বেসামরিক বিমানের ওপর সহিংসতা চালানো থেকে বিরত থাকার দাবী” জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও অন্য কয়েকটি প্রভাবশালী রাষ্ট্র বলেছে, ইউক্রেইনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোঁড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতেই সম্ভবত বৃহস্পতিবার বিমানটি ভূপাতিত হয়েছে।
শুক্রবার জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ছুঁড়তে রাশিয়া সহয়তা করেছে এমন সম্ভবনা বাতিল করছে না ওয়াশিংটন।
মস্কো এ ঘটনায় কোনো ধরনের জড়িত থাকার কথা অস্বীকার করে ঘটনার সঙ্গে ইউক্রেইনীয় সেনাবাহিনী জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।
এই ঘটনার তদন্তে সহযোগীতা করতে পূর্ব ইউক্রেইনের রুশপন্থী বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি আন্তর্জাতিক তদন্তে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত যেন না নেওয়া হয় তা নিশ্চিত করতে বলেছেন তিনি।
নিরাপত্তা পরিষদে প্রস্তাবিত খসড়া প্রস্তাবটির বিষয়ে কোনো মন্তব্য করতে অপরাগতা জানিয়েছে রাশিয়ার জাতিসংঘ মিশন।
এদিকে ইউরোপের দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশন এর আন্তর্জাতিক পরিদর্শকরা শনিবার জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের আরো বেশি এলাকা পরিদর্শনের অনুমতি দেয়া হয়েছে তাদের।
