বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ পরিদর্শনে বিদ্রোহীদের বাধা
বিধ্বস্ত মালয়েশীয় বিমানের ধ্বংসাবশেষ পরিদর্শনে ইউক্রেইনের রুশপন্থী বিদ্রোহীরা বাধা দিচ্ছেন বলে ইউরোপীয় পর্যবেক্ষকদের একটি দল অভিযোগ করেছে।
শনিবার বিবিসি প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ওএসসিই’র এক মুখপাত্র বলেছেন, পূর্ব ইউক্রেইনের দোনেস্ক অঞ্চলের যে স্থানে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে, গ্রাবোভো গ্রামের সেই ঘটনাস্থলটি সশস্ত্র লোকজন নিয়ন্ত্রণ করছে।
পরিদর্শক দলকে সতর্ক করতে এক বন্দুকধারী ফাঁকা গুলিও ছুঁড়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেস্ক অঞ্চল থেকে ছোঁড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবারের এ ঘটনায় বিমানের ২৯৮ জন আরোহীর সবাই মারা যান।
অর্গানাইজেশন ফর দ্য সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ’র (ওএসসিই) সদস্য মিখায়েল বোসিউরকিব বলেছেন, বিদ্রোহীদের আঞ্চলিক কমান্ডার ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দেয়া সত্বেও তদের পরিদর্শন নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তিনি বলেন, “একজন পরিদর্শক অনুমোদিত এলাকার বাইরে যাওয়া মাত্রই উত্তেজিত এক রক্ষী তার রাইফেল থেকে ফাঁকা গুলি ছোঁড়ে।”
ধ্বংসাবশেষ তদন্তের জন্য আসা বিশেষজ্ঞ দলের ২৫ জন পর্যবেক্ষক ঘটনাস্থলে প্রবেশের কোনো পথ না পাওয়ায় পরিদর্শন শুরু হওয়ার এক ঘন্টার মধ্যে ঘটনাস্থল থেকে চলে আসেন বলে জানিয়েছেন বোসিউরকিব।
এক ঘন্টার মধ্যে কয়েকটি লাশ চিহ্নিত করা গেলেও ধ্বংসাবশেষ পরীক্ষা করা যায়নি এবং এসব লাশ সরিয়ে নেওয়ার দায়িত্ব কাদের সে বিষয়ে উদ্ধারকর্মীরাও কিছু বলতে পারেননি বলে জানিয়েছেন তিনি।
ওএসসিই’র স্থায়ী কাউন্সিলের চেয়ারম্যান সুইস নাগরিক থমাস গ্রিমিঞ্জার বিবিসিকে জানিয়েছেন, এ পরিস্থিতিতে ঘটনাস্থলে একটি আন্তর্জাতিক তদন্তদল পাঠানোর চেষ্টা করছেন তারা।
এদিকে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ উদঘাটনে পূর্ণ ও স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
গুলি করে বিমান নামানোর দায় ইউক্রেইনের সরকার ও বিদ্রোহী পক্ষ একে অপরের ওপর চাপানোর চেষ্টা করছে।
মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৭ ফ্লাইটটি নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাচ্ছিল।
ইউক্রেইনের বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলের ক্রাশনি লুচ ও শাখতারস্কের মধ্যবর্তী গ্রাবোভো গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়।
মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রকাশ করা সর্বশেষ তালিকানুযায়ী, বিমানটির নিহত যাত্রীদের মধ্যে ১৮৯ জন ডাচ, ২৭ জন অস্ট্রেলীয়, ৪৪ জন (১৫ ক্রুসহ) মালয়েশীয়, ১২ জন ইন্দোনেশীয় এবং ১০ জন ব্রিটিশ নাগরিক ছিলেন। এছাড়া অন্যান্য দেশেরও কয়েকজন করে নাগরিক রয়েছেন।
