গাজায় স্থল অভিযানে ইসরায়েলি সেনাসহ নিহত ২৪
ব্যাপক গোলাবর্ষণ, ট্যাঙ্ক ও পদাতিক বাহিনীর এগিয়ে যাওয়ার মধ্যদিয়ে ফিলিস্তিনের হামাসনিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অভিযানে শেষ খবর পাওয়া পর্যন্ত এক ইসরায়েলি সেনাসহ ২৪ জন নিহত হয়েছেন।
ইসরায়েলি স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।
অপরদিকে লড়াইয়ে নিজেদের এক সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল।
এই অভিযানে গোলান্দাজ ও পদাতিক বাহিনী ছাড়া নৌ ও বিমানবাহিনীও ব্যবহার করছে ইসরায়েল। গাজার উপকূলে ভূমধ্যসাগর থেকে ইসরায়েলি নৌবাহিনীর গানবোটগুলো থেকেও গোলা নিক্ষেপ করা হচ্ছে।
শুক্রবার গভীর রাতে গানবোটগুলো থেকে নিক্ষিপ্ত ট্রেসার বুলেটের কমলা আলোতে ফিলিস্তিনের পূর্বাঞ্চলীয় ভূখণ্ড গাজা কমলা আলোতে ছেয়ে যায়। সীমান্ত অতিক্রম করে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়।
এসব হামলার বিপরীতে ইসরায়েলের আশদোদ ও আশকেলন শহরে রকেট নিক্ষেপ করেছে হামাসের যোদ্ধারা।
ইসরায়েলি সেনাবাহিনীর ছাড়া একটি ভিডিও ক্লিপে ছয়টি ইসরায়েলি ট্যাঙ্ককে গাজার বালিয়ারি পার হয়ে এগিয়ে যেতে দেখা যায়। এছাড়া দেশটির পদাতিক বাহিনীর দুটি দীর্ঘ লাইনকেও ১৮ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত গাজার দিকে এগিয়ে যেতে দেখা যায়।
অভিযানে ইসরায়েলি পদাতিক বাহিনী তাদের লক্ষ্যস্থলগুলো, বিশেষ করে হামাসের বিভিন্ন স্থাপনা ও টানেল দখল করে নিচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল মোত্তি আলমজ।
অভিযানে হামাসকে ক্ষমতাচ্যুত করা হবে না এবং হামাসের বন্দুকধারীদের খোঁড়া টানেলগুলো দখল নিয়েই অভিযান শেষ করা হবে বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল।
পাল্টা দাবিতে হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেন, “এই ধরনের বোকার মতো কাজের ভয়াবহ পরিণতির জন্য আমরা নেতানিয়াহুকে সতর্ক করছি।”
টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইসরায়েলের আয়রন ড্রোম গাজা থেকে ছোঁড়া রকেট ধ্বংস করছে। এ সময় কোনো হতাহতের কথা জানানো হয়নি।
আলমজ জানিয়েছেন, হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে তাদের পক্ষের এক সেনা নিহত ও কয়েকজন আহত হয়েছেন। গাজার উত্তর ও দক্ষিণের কয়েকটি এলাকায় দুপক্ষের লড়াই চলছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো।
এ নিয়ে ১১ দিনের লড়াইয়ে ইসরায়েল পক্ষের দুজন নিহত হলেন। দুই দিন আগে হামাসের রকেট হামলায় এক ইসরায়েলি নিহত হয়েছিলেন।
৮ জুলাই শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের অধিকাংশই বেসামরিক মানুষ।
