ইউক্রেইনের ‘জঙ্গি বিমান ভূপাতিত করেছে রাশিয়া’
ইউক্রেইনের ভূখন্ডে মিশনে থাকার সময় একটি জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করার জন্য রাশিয়ার বিমান বাহিনীকে দোষারোপ করেছেন ইউক্রেইনের এক নিরাপত্তা মুখপাত্র।
ইউক্রেইনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের মুখপাত্র আন্দ্রি লাইশেনকো বলেছেন, বুধবার সন্ধ্যায় সু-২৫ জঙ্গি বিমানটি ভূপাতিত করা হয়েছে।
ওইদিনই পোস্ট করা একটি ভিডিওতে ইউক্রেইনের পূবাঞ্চলীয় লুহান্সকে একটি বিমানে হামলা হতে দেখা গেছে।
রুশপন্থি বিদ্রোহীরা এদিন সু-২৫ বিমানটি গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করে। বিদ্রোহীদের মুখপাত্র ইগর স্ট্রেলকভ গিরকিন বলেন, মারিনিভকা সীমান্ত পারাপার এলাকায় লড়াই চলাকালে বিমানটি ভূপাতিত করেছেন তারা।
এর আগে ইউক্রেইনের কর্মকর্তারা একটি পরিবহন বিমান ভূপাতিত করার জন্য রাশিয়াকে দোষারোপ করে।
পূর্ব ইউক্রেইনে গত সোমবার এএন-২৬ বিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়। এতে বিমানের ক্রুরা আটক হওয়াসহ আরো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।
