যৌন হয়রানি: মিশরে ৭ জনের জেল
মিশরে নারীদেরকে যৌন হয়রানি করার অভিযোগে ৭ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত। এদের দুইজনকে যাবজ্জীবন এবং ৫ জনকে ১ থেকে ২০ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়।
বিবিসি’র খবরে বলা হয়েছে, গত মাসে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি’র নির্বাচনী জয় উদযাপনের সময় কায়রোর তাহরির স্কয়ারে সমবেত নারীরা যৌন আক্রমণ ও হয়রানির শিকার হন।
ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে বিপুল সংখ্যক লোকজনের মাঝে ক্ষতবিক্ষত একটি নগ্ন নারীকে হাসপাতালে নিতে দেখা যায়। ঘটনাটি নিয়ে জনরোষ সৃষ্টি হয় এবং নারী নিগ্রহের এমন আরো অনেক ঘটনা সামনে আসে।
এরপরই সিসি এ ঘটনাগুলোকে অপরাধ হিসাবে গণ্য করে কর্মকর্তাদেরকে প্রথমবারের মতো একটি নতুন আইন চালুর নির্দেশ দেন। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়।
নারী অধিকার সংগঠনগুলো এর আগে এ বিষয়টি সামাল দিতে মিশর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেছিল।
২০১৩ সালের জাতিসংঘ গবেষণা প্রতিবেদনে দেখা যায়, মিশরে ১০ জন নারীর মধ্যে ৯ জনই ধর্ষণ থেকে শুরু করে নানারকম যৌন হয়রানির শিকার হয়ে থাকেন।
