ফের নতুন নেতা নির্বাচনের চেষ্টায় ইরাক
ইরাকে নতুন একটি সরকার গড়ার জন্য নতুন কয়েকজন নেতা নির্বাচন করতে আইনপ্রণেতারা তৃতীয়বারের মতো একটি পার্লামেন্ট অধিবেশন আহ্বান করেছেন।
ভারপ্রাপ্ত স্পিকার মাহদি আল-হাফিদ পার্লামেন্টে উপস্থিত ৩২৮ সদস্যের মধ্যে ২০৭ জন আইনপ্রণেতাকে নিয়ে অধিবেশন শুরু করেছেন বলে জানিয়েছে সিনহুয়া।
সুন্নি আরব রাজনীতিবিদরা এর আগে বিচারবিভাগের প্রধান হিসাবে সালিম আল-জুবৌরিকে বেছে নিলেও পার্লামেন্টের একটি নতুন নেতা নির্বাচনের কথা রয়েছে।
অধিবেশনের শেষদিকে দুজন ডেপুটি স্পিকারও নির্বাচন করা হবে বলে মনে করা হচ্ছে।
আদতে ১ জুলাইয়ে ইরাকে পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা থাকলেও রাজনীতিবিদদের মতবিরোধের কারণে নেতা নির্বাচনের তারিখ দুইবার পিছিয়ে যায়।
ইরাকের সংবিধান মতে, স্পিকার নির্বাচনের পরবর্তী ৩০ দিনের মধ্যে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া উচিত।
নতুন রাষ্ট্রপ্রধানকে তখন অর্ধমাসের মধ্যে আইনপ্রণেতাদেরকে একটি প্রধানমন্ত্রী নির্বাচন করতে বলতে হবে। নতুন প্রধানমন্ত্রী তখন নতুন সরকার গঠন করবেন। একাজ সম্পন্ন হতে হবে ৩০ দিনের মধ্যে।
দেশে সুন্নি বিদ্রোহী তৎপরতা সামাল দিতে এ সরকার গঠন অত্যন্ত জরুরি। সরকারি বাহিনী ও সুন্নি বিদ্রোহীদের চলমান লড়াইয়ের মধ্যে আইনপ্রণেতারা মতবিরোধ দূরে ঠেলে অবিলম্বে একটি সরকার গঠন করতে না পারলে ইরাক অরাজক পরিস্থিতিতে পড়বে বলে গত রোববার সতর্ক করেছেন এক জাতিসংঘ দূত।
চলমান সঙ্কট সামাল দিতে ইরাকের আইনপ্রণেতারা দ্রুতই একটি নতুন সরকার গঠনের জন্য যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইরাকি শিয়া ধর্মগুরুদের চাপের মুখে আছেন।
