২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মালালার সাক্ষাৎ

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের সঙ্গে সাক্ষাৎ করছেন তালেবান হামলা থেকে বেঁচে যাওয়া পাকিস্তানি কিশোরী ও নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 06:33 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

বোকো হারাম জঙ্গিদের অপহৃত ২শ’ স্কুলছাত্রীর মুক্তির জন্য আরো উদ্যোগী হওয়ার তাগাদা দিতেই জোনাথনের সঙ্গে মালালার এ সাক্ষাৎ।

জঙ্গি দলটির নেতা একটি ভিডিও বার্তায় আবারো জানিয়েছেন, বন্দি যোদ্ধাদের মুক্তির বিনিময়ে অপহৃত ছাত্রীদের মুক্তি দিতে রাজি তার দল।

বোকো হারাম তিন মাস আগে বর্নো রাজ্যের চিবোক থেকে ২শ’ স্কুলছাত্রীকে অপহরণ করার পর ঘটনাটি বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে নাইজেরিয়ার জোনাথন সরকার বোকো হারামের তৎপরতা সামাল দিতে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলে কড়া সমালোচনার শিকার হয়েছে।

মালালা রোববার নাইজেরিয়ার রাজধানী আবুজায় অপহৃত ছাত্রীদের স্বজনদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

দুই বছর আগে নারী শিক্ষা নিয়ে সোচ্চার হওয়ার কারণে পাকিস্তানি তালেবানরা মালালার মাথায় গুলি করে। কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে যান মালালা। চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়।