কাবুলেই রয়েছেন কেরি, ভোট পুনর্গণনা চলছে
আফগান প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মতপার্থক্য দূর করতে দ্বিতীয় দিনে আবারো শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কাবুল সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল্লাহ ও আশরাফ গনির সঙ্গে দ্বিতীয় দফায় কথা বলেন তিনি। এর আগে শুক্রবারও তাদের সঙ্গে আলোচনায় বসে মতো বিরোধ দূর করার কৌশল নিয়ে আলোচনা করেন তিনি।
এদিকে চূড়ান্ত পর্বের নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ ওঠার পর তা দ্বিতীয় বারের মতো গণনার কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যেই সাত হাজার কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে, যা মোট কেন্দ্রের এক তৃতীয়াংশ।
কেরির সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত পর্বের ভোটের প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকা আশরাফ গনি ওই পুনর্গণনায় সমর্থন দিয়েছেন।
ভোট নিয়ে মতবিরোধে সৃষ্টি হওয়ার পর দেশটিতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। চীর সফরে থাকা কেরি তখন তড়িঘড়ি করে কাবুলে হাজির হন। নির্বাচন নিয়ে দেশটিতে মতপার্থক্য সৃষ্টি সব ধরনের সাহায্য বন্ধেরও হুমকি দেন তিনি।
এদিকে দক্ষিণ আফগানিস্তানে সড়কের পাশে রাখা বোমার বিস্ফোরণে শনিবারও অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কান্দাহার প্রদেশে আটজন এবং জালালাবাদ জেলায় দুইজন রয়েছেন।
গত এপ্রিলে অনুষ্ঠিত প্রথম পর্বের ভোটে আব্দুল্লাহ প্রায় ৪৫ শতাংশ ভোট পেয়েছিলেন। ওই পর্বে গনি পেয়েছিলেন ৩১ শতাংশ ভোট। তবে ১৪ জুন অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের নির্বাচনে গনিকে ৫৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকতে দেখা যায়। অপর প্রার্থী আব্দুল্লাহ এইপর্বে প্রায় ৪৪ শতাংশ ভোট পেয়েছেন বলে প্রাথমিক প্রতিবেদনে দেখা যায়।
