নির্বাচন নিয়ে অচলাবস্থা নিরসনে আফগানিস্তানে কেরি
আফগানিস্তানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে ভোট গণনায় অনিয়মের অভিযোগগুলো গ্রহণযোগ্যভাবে যাচাই করার আহ্বান জানিয়েছেন দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছার পরই তিনি বলেন, দেশটির ভবিষ্যত নেতৃত্বের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতেই তার এ প্রস্তাব।
আফগানিস্তানে গত ১৪ জুন অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ আনেন অন্যতম প্রার্থী আব্দুল্লাহ আব্দু্ল্লাহ। প্রথম দফার ভোটে এগিয়ে থাকলেও ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে দ্বিতীয় দফার নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন তিনি।
তাকে হারিয়ে দিতে ভোট গণনার মাধ্যমে জনগণের বিরুদ্ধে অভ্যুত্থানের আয়োজন চলছে বলে আব্দুল্লার অভিযোগ। ভোটের ফল প্রত্যাখ্যান করে আবদুল্লাহ দ্বিতীয় আরেকটি সরকার ব্যবস্থা দাঁড় করানোরও হুমকি দিয়েছেন।
নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও সহিংসতার আশঙ্কা দেখা দেয়ার পর কাবুলে ছুটে যান কেরি। চীন সফর উপলক্ষ্যে গত মঙ্গলবারই তিনি দক্ষিণ এশিয়ায় পৌঁছেছিলেন।
শুক্রবার কাবুলে দুই প্রেসিডেন্ট প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ ও আশরাফ গনি বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইসহ শীর্ষ নেতাদের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন।
পরে কাবুলে জাতিসংঘের বিশেষ দূত জেন কুবিসের সঙ্গে আলাপকালে কেরি বলেন, “নির্বাচন নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার মতো একটা রাস্তা বেরুবে বলে আমরা আশা করি। জনগণের মনে সৃষ্ট সন্দেহ দূর করা হবে।”
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, কেরি ভোট গণনার নিরীক্ষণে দুই পক্ষের মতৈক্য চান। যেই প্রেসিডেন্ট হোক তা যেন আফগান জনগণের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় তাই-ই চান তিনি।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আব্দুল্লাহর পক্ষে দেশটির তাজিক জনগোষ্ঠী। অন্যদিকে, আশরাফ গানির পক্ষেও পশতুনদের বড় একটি অংশ রয়েছে। নির্বাচন নিয়ে আব্দুল্লাহর পক্ষ থেকে তোলা অভিযোগের সুরাহা না হলে দেশটিতে দীর্ঘস্থায়ী জাতিগত সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
ওদিকে, ভোট গণনার গঠনমূলক নিরীক্ষণের পক্ষে মত দিয়েছেন দ্বিতীয় দফায় এগিয়ে থাকা প্রার্থী গনি।
তিনি বলেন,“নির্বাচন প্রক্রিয়া যাতে করে জনগণের আস্থা ও ঐকমত্য পায় আমরা সে ধরনের একটি যাচাই-বাছাইয়ের পক্ষে। ভোট ব্যবস্থায় যাতে করে আফগানিস্তান ও বিশ্বের মানুষের বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হয় তা নিশ্চিত করা হোক”।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি রয়টার্সকে বলেন, ভোট যাচাইয়ে দুই পক্ষের ঐকমত্য তাদের মতবিরোধ লাঘবের প্রাথমিক পদক্ষেপ।
“আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট যাতে করে ঐক্যবদ্ধ দেশ গড়তে পারেন, দলগুলোকে সেধরনের একটি পরিস্থিতির দিকে নিয়ে যাওয়াই জন কেরির লক্ষ্য।”
নিরীক্ষণ শেষের আগে চূড়ান্ত পর্বের ভোটের ফল প্রকাশিত হবে না বলেও আশা করেন সাকি।
