২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদি সরকারের প্রথম বাজেট পেশ

ভারতে লোকসভায় ২০১৪-২০১৫ অর্থবছরের সাধারণ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 09:25 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসার পর এটি মোদি সরকারের প্রথম বাজেট।

এ বাজেটের মধ্য দিয়ে উচ্চ-প্রবৃদ্ধি ফিরিয়ে আনা, বিদেশি বিনিয়োগের আরো সুযোগ সৃষ্টি, অবকাঠামো খাতে ব্যয় এবং পণ্য ও সেবা কর চালুর প্রতিশ্রুতি দিয়েছে নতুন সরকার।

বাজেটে প্রতিরক্ষা খাত, বিমাসহ বেশ কয়েকটি ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে জোর দিয়েছে সরকার। প্রতিরক্ষা ও বিমা–উভয় ক্ষেত্রেই এফডিআই বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ২৬ শতাংশ থেকে বাডিয়ে ৪৯ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানান, কর খাতে বার্ষিক প্রভিডেন্ট ফান্ডের ঊর্ধসীমা বাড়ানো হবে। প্রত্যক্ষ করের হারে পরিবর্তন করা হবে না। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর ছাড়ের উর্ধ্বসীমা বাড়ানো হবে। এছাড়াও তৈরি করা হবে ৬০টি নতুন আয়কর সেবা কেন্দ্র।

প্রতিরক্ষাখাতে ২.২৯ লক্ষ কোটি রুপি বরাদ্দ ছাড়াও সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে ৫ হাজার কোটি রুপি ব্যয় করবে সরকার। সীমান্ত এলাকায় সেনাদের যাতায়াতের সুবিধার জন্য রেলপথ সম্প্রসারণ করা হবে, প্রতিরক্ষা বিষয়ক গবেষণা এবং পুলিশি ব্যবস্থার উন্নতির জন্য ও বড় ধরনের বরাদ্দ রয়েছে বাজেটে।

অবকাঠামো খাতে প্রতি বছর ৮৫০০ কিলোমিটার নতুন সড়ক তৈরিসহ পণ্য পরিবহণ বাড়াতে জাতীয় সড়কে উন্নয়ন, সড়ক ব্যবস্থার উন্নয়ন,• উত্তর পূর্বাঞ্চলের মানুষের যাতায়াত সুগম করতে রেলপথ নির্মাণ, লখনউ এবং আমদাবাদ শহরে মেট্রো রেল চালু করাসহ বিভিন্ন কাজেও বড় ধরনের ব্যয় বরাদ্দ করা হয়েছে বাজেটে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী দাম কমছে কম্পিউটার, ছোট এলইডি, এলইডি, সাবান, ইস্পাত সামগ্রী, সৌর যন্ত্রাংশ, হিরে ও দামি পাথর, ন্যাপথলিন, গ্লিসারিন, জুতো ইত্যাদি সামগ্রীর। দাম বাড়ছে সিগারেট, গুটখা, ঠান্ডা পানীয় ইত্যাদির।

কিন্তু মোদি সরকারের প্রথম এ বাজেটকে ‘দিশাহীন, লক্ষ্যহীন ও কর্মহীন’ আখ্যা দিয়ে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাজেটে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে বিনিয়োগও প্রয়োজনের তুলনায় কম করা হয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ‘কন্যাশ্রী’ প্রকল্পে যেখানে ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেখানে ভারত জুড়ে চালু হওয়া ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পে মাত্র ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একইভাবে ভারতের ৫৫ কোটি তরুণকে নতুন সংস্থা খুলতে উৎসাহ দেয়ার জন্য মাত্র ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এতে ভারতের তরুণ সমাজকে কার্যত অপমান করা হয়েছে বলে তিনি মনে করেন।