বাগদাদে ৫৩ টি লাশের সন্ধান
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে একটি শহরে নিরাপত্তা বাহিনী চোখ এবং হাত বাঁধা ৫৩ টি লাশ খুঁজে পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
তারা জানান, হিলা শহরের প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে প্রধানত শিয়া অধুষ্যিত খামিসিয়া গ্রামে মৃতদেহগুলো পাওয়া যায়।
প্রাদেশিক পরিষদের প্রধান, স্থানীয় পুলিশ এবং গভর্নরের কার্যালয় মৃতদেহগুলো খুঁজে পাওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছে।
তবে নিহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। তারা কে এবং কেন তাদেরকে হত্যা করা হয়েছে তাও তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। মৃত্যুদণ্ড কার্যকরের স্টাইলে তাদেরকে হত্যা করা হয়। বুধবার দুপুর ২ টায় লাশগুলো পাওয়া যায়।
ইরাকে গত মাস থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে নিয়েছে সুন্নি জঙ্গিরা। বাগদাদের দিকে অগ্রসর হচ্ছে তারা। সুন্নিদের এ অগ্রযাত্রা প্রধানমন্ত্রী নূরি আল মালিকির জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
