২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল হেরে যাওয়ায় আত্মহত্যা!

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে স্বাগতিক ব্রাজিলের শোচনীয় হারের পর অপমানে আত্মহত্যা করেছে দলটির ভক্ত এক নেপালি কিশোরী।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 08:53 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বুধবার সকালে প্রাগিয়া থাপা (১৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে নেপালের পুলিশ।

প্রাগিয়া পূর্ব নেপালের সানসারি জেলার বাসিন্দা। একদিকে হারের দুঃখ, উপরন্তু তা নিয়ে বন্ধুদের ঠাট্টা-মশকরার কারণে প্রাগিয়ে আত্মহত্যা করে বলে পুলিশের দাবি।

মঙ্গলবার ব্রাজিলের বেলো হরিজন্তে স্টেডিয়ামে জার্মানির কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব থেকে ছিটকে পড়ে পাঁচবারের শিরোপা জয়ী দেশ ব্রাজিল।

আয়োজক দেশ হওয়ার কারণে ২০১৪ সালের বিশ্বকাপ শিরোপা জেতার বিষয়ে একটু বেশিই আশাবাদী ছিল সর্বোচ্চ সংখ্যক শিরোপার অধিকারী দেশটি।

খেলার প্রথমার্ধেই একপেশেভাবে পাঁচ গোলে পিছিয়ে পড়ার পর ব্রাজিলের খেলোয়াড়রা কাঁদতে কাঁদতে বিরতিতে যান। বিশ্বকাপের ইতিহাসে এ ধরনের চিত্র বিরল।

ব্রাজিলের বিপর্যয়কর পরাজয়ে সারা বিশ্বের কোটি ভক্তের মতো প্রাগিয়াও আচ্ছন্ন ছিল পরাজয়ের শোকে। এর মধ্যে বন্ধুদের পাশাপাশি জার্মানিকে সমর্থন জানানো মা ও বোনের কাছে অপমানিত বোধ করায় মেয়েটি আত্মহত্যা করে বলে জানায় পুলিশ।

“অপমান বোধের কারণে রাতেই নিজের কক্ষে চলে যায় প্রাগিয়া। সেখানে কিছুক্ষণ পড়াশোনাও করে দশম শ্রেণিতে পড়ুয়া এই ছাত্রী। তবে সকালে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায়,” বলেন এক পুলিশ পরিদর্শক।