২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

আফগানিস্তানে কেউ অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করলে অর্থনৈতিক এবং নিরাপত্তা সহায়তা স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Jul 2014, 09:22 PM

Updated : 26 Jul 2022, 12:42 PM

রাজধানী কাবুলে প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদুল্লাহর সমর্থকরা দ্বিতীয় আরেকটি সরকার গড়ার দাবিতে সমাবেশ করার মধ্যে যুক্তরাষ্ট্র এ হুঁশিয়ারি দিল

সোমবার আফগানিস্তানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হয় যাতে সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনি প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। তবে পরাজিত প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ ও তার সমর্থকরা এ ফল প্রত্যাখ্যান করেছেন।

প্রেসিডেন্ট কারজাইয়ের যোগসাজশে কারচুপির অভিযোগ এনে মঙ্গলবার এর বিরুদ্ধে কাবুলের রাজপথে বিক্ষোভ করেছে আব্দুল্লার সমর্থকরা।

প্রথম দফার নির্বাচনে অন্যান্য প্রার্থীদের চেয়ে বেশ এগিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দু্ল্লাহ। সোমবার ঘোষিত ফলে তাকে হারিয়ে দেয়া হয়েছে দাবি করে আফগান জনগণের দাবির আলোকে পৃথক মন্ত্রিসভা গঠনের হুমকি দেন তিনি।

আফগানিস্তানের রাজনৈতিক অচলাবস্থার মধ্যে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কাবুল সফর করবেন বলে জানান আব্দুল্লাহ। একটি আলোচনায় যোগদিতে কেরি এখন বেইজিংয়ে রয়েছেন।

মঙ্গলবার আব্দুল্লাহর হাজার হাজার সমর্থক নির্বাচনে কারচুপির প্রতিবাদে কাবুলের রাজপথে বিক্ষোভ দেখায়। এসময় আবদুল্লাহকে পৃথক মন্ত্রিসভা গঠনের অনুরোধ করে তারা।

তবে এদিন চীন সফররত কেরি আফগান পরিস্থিতি নিয়ে সতর্ক করে দিয়ে বলেন, নির্বাচন নিয়ে সহিংসতা কিংবা সংবিধান পরিপন্থি কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না।

কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে তিনি আরো বলেন, “কাবুলে বিক্ষোভ হচ্ছে এবং অনুরূপ আরেকটি সরকার (প্যারালাল গভার্নমেন্ট) গঠনের আলোচনা হচ্ছে বলে শুনতে পেয়েছি। যেকোনো ধরনের সংবিধান বহির্ভূত পদক্ষেপ দেশটিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তা বাতিলের কারণ হবে।”

আব্দুল্লাহ ও গনির মধ্যে শুরু হওয়া রাজনৈতিক বিরোধ আফগানিস্তানে দীর্ঘস্থায়ী অচলাবস্থা সৃষ্টি করবে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। নির্বাচনের ফল দেশটিতে জাতিগত বিভেদ সৃষ্টি করছে বলে বিভিন্ন মহল থেকে সতর্ক করা হচ্ছে।

নির্বাচনের ফলকে জনগণের রায়ের বিরুদ্ধে রাজনৈতিক ‘অভ্যুত্থান’ বলে দাবি করেছেন আব্দু্ল্লাহ। এর জন্য বিগত ১২ বছরের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে দায়ী করেন তিনি।