নারী সহকর্মীকে স্পর্শ, জেনারেল বরখাস্ত
মেডিটেশনের সময় নিম্নপদস্থ এক নারী কর্মকর্তাকে ‘আত্মা শুদ্ধির’ জন্য স্পর্শ করে বরখাস্ত হয়েছেন ভারতীয় এক মেজর জেনারেল। সম্প্রতি তাকে দোষী সাব্যস্ত করে দেয়া আগের রায়ই বহাল রেখেছে আদালত।
শারীরিক স্পর্শ ‘আত্মার শুদ্ধির’ জন্য প্রয়োজনীয় নয় জানিয়ে আগের কোর্ট মার্শালে মেজর জেনারেল অরুন কুমার লালকে দোষী সাব্যস্ত করে দেয়া রায় বহাল রাখে মুম্বাইয়ের সামরিক আদালত।
অরুন কুমার লাল ভারতীয় সেনাবাহিনীর ৩ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। ধ্যানমগ্ন অবস্থায় অধস্তন নারী কর্মকর্তাকে আপত্তিকরভাবে শারীরিক স্পর্শের অভিযোগ করা হয় তার বিরুদ্ধে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালের ১৬ ডিসেম্বর সামরিক বাহিনী থেকে বরখাস্ত হন অরুন লাল। সোমবার তার আবেদনের শুনানির সময় বিচারক এয়ার মার্শাল ডি সি কুমারিয়া ও অবসরপ্রাপ্ত জে এইচ ভাটিয়ার বেঞ্চ আগের রায় বহাল রাখলেও সাজা কিছুটা পরিমার্জিত করে ‘বরখাস্ত’ শব্দটির বদলে ‘সরিয়ে দেয়া’ কথাটি ব্যবহার করে।
এ ব্যাপারে বিচারকরা যুক্তি দেখিয়ে বলেন, অরুন লালের মতো খুব ভালো পথে থাকা একজন মানুষ ক্ষণিকের বিচ্যুতিতে ভুল করেছেন। তাই তাকে পেনশনের অধিকার থেকে বঞ্চিত করাটা কঠোর সিদ্ধান্ত হয়ে যায়।
আদালতের পর্যসবেক্ষণে বলা হয়, অরুন লাল প্রায় ২০ বছর ধরে চেন্নাইয়ের শ্রী রাম চন্দ্র মিশনে সামরিক বাহিনীর বিভিন্ন পদমর্যা দার কর্মকর্তাদের ‘গুরু’ হিসাবে ধ্যান শিক্ষা দিয়ে এসেছেন। শুধু ক্যাপ্টেন নিশা সিং (ছদ্ম নাম) ছাড়া এই ২০ বছরে তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি। এছাড়া সেনাবাহিনীতে ৩৬ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
২০০৬ সালে জিওসির দায়িত্বে আসেন অরুন কুমার লাল। সে সময় মাত্র আড়াই বছর সামরিক বাহিনীতে কাজ করেন ক্যাপ্টেন নিশা সিং। ঘটনাটি ঘটে পরের বছরই।
২০০৭ সালের ২৭ অগাস্ট লাদাখের লে শহরে মেজর জেনারেল লাল ক্যাপ্টেন নিশা সিংকে তার শোয়ার ঘরে (একইসঙ্গে ধ্যান করার ঘর) ডেকে নিয়ে ধ্যানমগ্ন অবস্থায় আপত্তিকরভাবে তাকে স্পর্শ করতে বলেন। ক্যাপ্টেন সিং তাকে স্পর্শ করতে আপত্তি জানালে তিনিই ওই নারী কর্মকর্তাকে আপত্তিকরভাবে স্পর্শ করেন। বিষয়টি ক্যাপ্টেন সিং তার বাগদত্তাকে অবহিত করেন, যিনি নিজেও সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন।
কোর্ট মার্শালে লালকে দোষী সাব্যস্ত করা হয় নারীর শালীনতায় হস্তক্ষেপের জন্য। লালের উকিলের ভাষ্য ছিল, তার মক্কেল (লাল) ভেবেছিলেন ক্যাপ্টেন নিশা সিংয়ের ‘মদ্যপান আসক্তিসহ কিছু চরিত্রগত ও আচরণগত’ সমস্যা আছে। আর সে কারণেই সিং এর ‘আত্মা শুদ্ধি করা আবশ্যক মনে করেছিলেন’ লাল। কিন্তু লালের মদপান ছেড়ে দেয়ার উপদেশ শুনতে চাননি বলেই ক্যাপ্টেন সিং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করেন।
কিন্তু বিচারকরা এ যুক্তি আমলে নেননি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আইনজীবী বলেন, ক্যাপ্টেন সিংয়ের কোন চারিত্রিক সমস্যা নেই এবং মেজর জেনারেল অরুন কুমার লাল তার কর্তৃত্বের অপব্যবহার করেছেন।
