২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোনেস্কে ফের সংগঠিত হচ্ছে রুশপন্থিরা

ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা দোনেস্কে ফের সংগঠিত হচ্ছে। সরকারি বাহিনী তাদের কয়েকটি মূল ঘাঁটি পুনর্দখল করে নেয়ার পরও সংগঠিত হচ্ছে রুশপন্থিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 05:55 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

শনিবার স্লোভিয়ানস্কে সরকারি বাহিনীর বিদ্রোহী ঘাঁটি দখলকে বড় ব্যাপার এবং একে গুরুত্ব সহকারেই দেখছেন প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো। তবে এখনই এ জয়ে উল্লাস করার কিছু নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

সরকারি বাহিনীর অভিযানে এ ক্ষতির সম্মুখীন হওয়ার পরও দোনেস্ক ও লুহানস্কের রাজধানীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা এখনো বিদ্রোহীদের দখলে।

সরকারি বাহিনী স্লোভিয়ানস্ক দখলে নেয়ার পর রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা বলেছে, তারা কৌশলগতভাবে দোনেস্কে পিছু হটেছে।

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ বলছেন, কিছু বিদ্রোহী আত্মসমর্পণ করেছে কিংবা এলাকার সাধারণ মানুষের সঙ্গে মিশে পালানোর চেষ্টা করছে।

দোনেস্ক শহরের লোকসংখ্যা ১০ লাখ। সেখানে লড়াই শুরু হলে তা সরকারি বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা রোববার দোনেস্কের মূল চত্বরে বিক্ষোভের ডাক দিয়েছে।

লড়াই বণ্ধের চেষ্টা করতে শনিবার একটি বৈঠক হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো বৈঠকের ঘোষণা আসেনি।