‘আল বাগদাদির ভিডিও ফুটেজ ভুয়া’
জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট এর প্রধান আবু বকর আল বাগদাদির খুতবারত যে ভিডিওটি অনলাইনে পোস্ট করা হয়েছে তা ভুয়া বলে দাবি করেছে ইরাকি সরকার।
ওই ভিডিওতে জঙ্গিদের দখলকৃত ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলের আল নুরি-মসজিদে শুক্রবারের নামাজের সময় বাগদাদি বক্তৃতা দিচ্ছেন, এমনটি দেখানো হয়েছে।
শনিবার ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদমান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “বাগদাদি হিসেবে যাকে দেখানো হয়েছে, নিঃসন্দেহে তিনি তা নন।”
“আমারা ফুটেজটি বিশ্লেষণ করেছি, তাতে দেখতে পেয়েছি এটি একটি ধাপ্পা,” বলেন তিনি।
সাদমান জানান, সম্প্রতি সরকারি বাহিনীর এক বিমান হামলায় বাগদাদি আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য তাকে সিরিয়া নিয়ে গেছে ইসলামিক স্টেট এর জঙ্গিরা।
বিষয়টি সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাতে অপরাগতা জানান জেনারেল সাদমান।
কোনো নিরপেক্ষ সূত্রের মাধ্যমে স্বাধীনভাবে বিষয়টি যাচাই করা না যাওয়ায় বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
ইসলামিক স্টেট ইন ইরাক ও দ্য লেভান্ত (আইএসআইএল) নিজেদের সংগঠনের নাম পরিবর্তন করার ও বাগদাদিকে খলিফা ঘোষণার পর আল বাগদাদি প্রথমবারের মতো জনসম্মুখে ভাষণ দিবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের পর খুতবারত বাগদাদির ২১ মিনিটের ওই ভিডিওটি অনলাইনে ছাড়া হয়।
১০ জুন ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল ইসলামিক স্টেট জঙ্গিদের দখলে চলে যায়। তারপর থেকে ইরাকের উত্তর ও পশ্চিমাংশের বিশাল এলাকা সুন্নি এই জঙ্গিগোষ্ঠি ও তাদের সহযোগীদের দখলে চলে যায়।
