২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্লোভিয়ানস্ক থেকে পিছু হটেছে রুশপন্থিরা

সেনা অভিযানের মুখে স্লোভিয়ানস্কে নিজেদের শক্ত ঘাঁটির নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 06:54 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

বিবিসির খবরে বলা হয়, বিদ্রোহীরা পালিয়ে যাওয়ার পর ওই অঞ্চলের সরকারি ভবনগুলোতে আবারো ইউক্রেইনের পতাকা ওড়ানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পেট্রো পোরোশেনকো।

স্লোভিয়ানস্কে বিদ্রোহী সমর্থিত মেয়র ভ্লাদিমির পেভলেঙ্কো বলেন, “বিদ্রোহীরা স্লোভিয়ানস্ক ছেড়ে চলে গেছে। তারা এখন ক্রামাতোস্ক শহরের দিকে যাচ্ছে বলে শুনেছি।”

প্রেসিডেন্ট ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতি শেষে বিদ্রোহীদের শক্ত অবস্থানগুলোতে অভিযান শুরু করেছে ইউক্রেইন সেনাবাহিনী।

স্লোভিয়ানস্কের মেয়র একটি সংবাদ সংস্থাকে বলেন, বিচ্ছিন্নতাবাদীরা ওই অঞ্চল থেকে সরে গেছে। তবে ইউক্রেইন সেনারা এখনো সেখানকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতভর সরকারি সেনারা শহরে ব্যাপক বোমাহামলা চালিয়েছে। সকালেই বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত তল্লাশিচৌকিগুলো ফেলে চলে যায়।

সেনা অভিযানে শহরের স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে বিদ্রোহীরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন এভাকোভ তার ফেইসবুক পাতায় বলেন, বিদ্রোহীদের বড় একটা অংশ স্লোভিয়ানস্ক ত্যাগ করেছে। অনেক বিদ্রোহী আত্মসমর্পন করছে বলেও জানান তিনি।