মেক্সিকোয় চুরি যাওয়া তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার
চুরি যাওয়া একটি পিকআপ ট্রাকসহ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদজনক তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার করেছে মেক্সিকোর কর্তৃপক্ষ।
শুক্রবার চুরির স্থান থেকে কয়েক কিমি দূরে মারাত্মক তেজস্ক্রিয় ইরিডিয়াম ১৯২’সহ চুরি যাওয়া পিকআপটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।
বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলীয় শিল্প শহর তালালনেপান্তলা থেকে পিকআপটি চুরি হয়েছিল বলে এক ট্যুইটারে জানিয়েছেন বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান লুয়িস ফেলিপে পুয়েন্তে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, উদ্ধারের পর দেশটির নিউক্লিয়ার সুরক্ষা কমিশনের কর্মীরা তেজস্ক্রিয় লোগো সম্বলিত ছোট একটি ধারক ঘটনাস্থল থেকে সরিয়ে না নেয়া পর্যন্ত সামরিক বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছিল।
সাধারণত শিল্পখাতের রেডিওগ্রাফিতে ব্যবহৃত এই ইরিডিয়াম একটি বিশেষভাবে তৈরি পাত্রে রাখা থাকে। বিশেষ প্রস্তুতি ছাড়া পাত্রটি খোলার চেষ্টা করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারতো বলে জানিয়েছে মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উদ্ধার করা ইরিডিয়ামগুলো একটি ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য আনা হয়েছিল বলে জানা গেছে।
গত ডিসেম্বরে চিকিৎসা খাতে ব্যবহৃত তেজস্ক্রিয় কোবাল্ট-৬০’বাহী একটি ট্রাক নিয়ে পালিয়ে গিয়েছিল মেক্সিকোর চোররা। পরে চুরি যাওয়া স্থানের কাছাকাছি আরেকটি স্থানে পরিত্যক্ত অবস্থায় সেগুলো পাওয়া যায়।
এসব তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করে মারাত্মক প্রাণসংহারী বোমা তৈরি করা যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।
