২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে শিক্ষার্থীর মায়ের ছুরিকাঘাতে শিক্ষক নিহত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর আলবিতে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে ছুরিকাঘাতে খুন করেছেন এক শিক্ষার্থীর মা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 02:16 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

শুক্রবার সকালে শহরটির আদ্যুয়ার্ত হ্যারিয়ট স্কুলে শিক্ষক ফাবিয়েন্নি তেরাল কালমেস (৩৪) নামের নারী শিক্ষক হামলার শিকার হন বলে পুলিশের বরাতে জানিয়েছে বিবিসি।

ঘটনার বিবরণে জানা গেছে, হামলাকারী নারী তার পাঁচ বা ছয় বছর বয়সী কন্যাকে স্কুলে নিয়ে এসেছিলেন, পাশপাশি একটি লম্বা ছুরিও সঙ্গে এনেছিলেন।

হামলা করার আগে তিনি “আমি চোর না” বলে চিৎকার করেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তেরাল কালমেসের বুকে অথবা পেটে একবার ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

শ্রেণিকক্ষেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

স্থানীয় আইন কর্মকর্তা ক্লদি দেরেন্স জানিয়েছেন, ঘটনার পরপরই ৪৭ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে ফ্রান্সের শিক্ষামন্ত্রী বেনোইত হ্যামন জানিয়েছেন, হামলাকারী “গুরুতর মানসিক সমস্যায়” ভূগছেন বলে ধারণা করা হচ্ছে।

এই ভয়াবহ ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও স্কুল কর্মীদের মানসিক পরিস্থিতি পরীক্ষা করে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ।