চীন সীমান্তবাসীদের সামরিক প্রশিক্ষণ দেবে ভারত
নাগরিক নিরাপত্তা নিশ্চিত ও জীবন ধারণ স্বাচ্ছন্দময় করতে চীন-ভারত সীমান্ত এলাকার বাসিন্দাদের সামরিক প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করছে মোদি সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সম্প্রতি ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, জরুরি মুহূর্তে আত্মরক্ষার্থে চীন সীমান্ত এলাকার ভারতীয় নাগরিকদেরকে আধা-সামরিক বাহিনীর প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করছে সরকার। তাদেরকে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র দেয়ারও পরিকল্পনা করা হচ্ছে।
পঙ্গুয়াং লেখ এলাকায় চীনা বাহিনীর উস্কানিমূলক তৎপরতার খবর আসার পরিপ্রেক্ষিতে এমন পরিকল্পনার কথা জানায় নয়াদিল্লি।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, “সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে ওই এলাকার বাসিন্দারাই সরকারের সবচেয়ে বড় পাহারাদার। শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে তারাই সবচেয়ে বড় প্রতিরোধক, সেখানকার যাবতীয় পরিস্থিতি তারাই সবার আগে প্রত্যক্ষ করে। সারা বিশ্বেই নাগরিকদেরকে সীমান্ত এলাকায় বসবাসে উৎসাহিত করা হয়। ‘স্পর্শকাতর’ মনে করে কেবল ভারতেই এমনটি করা হচ্ছে না।”
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সীমান্ত এলাকা এখন সাধারণ জনগণের বসবাস উপযোগী করার পরিকল্পনা করা হচ্ছে। আরো বেশি মানুষকে সীমান্ত এলাকায় বসবাস ও ভ্রমণে উৎসাহিত করা হবে।
মোরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার ক্ষমতা নেয়ার পর সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা বৃদ্ধি এবং সীমান্তকে সাধারণ মানুষের বসবাস উপযোগী করার পরিকল্পা হাতে নেয়া হয়।
এ নিয়ে সরকারের বিশদ পরিকল্পনা রয়েছে বলেও ভারতের গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। অরুণচাল রাজ্য ও লাদাখ এলাকায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।
