২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ২

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় ২ ব্যক্তি নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 02:48 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, মুসলিমদের তলোয়ারের আঘাতে একজন বৌদ্ধ নিহত হয়েছেন। আর অপর এক মুসলিম ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় নিহত হন।

মুসলিম অধ্যুষিত এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, এক মুসলিম চা দোকানি বৌদ্ধ এক নারীকে ধর্ষণ করেছে, এমন গুজব ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে বৌদ্ধ সম্প্রদায়ের একদল উত্তেজিত লোক মুসলিম এলাকাটির কাছে জড়ো হয়।

তারই জেরে বুধবার দুই ধর্মীয় সম্প্রদায় মুখোমুখি অবস্থানে চলে গেলে পুলিশ এসে দুপক্ষের মধ্যে অবস্থান নিয়ে বৌদ্ধদের সরিয়ে দিতে চেষ্টা করে।

কিন্তু তাতে অবস্থার আরো অবণতি হলে উত্তেজিত জনতাকে লক্ষ করে গুলি করে পুলিশ।

বুধবারের ওই সহিংসতায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

বিবিসির জন ফিশার জানিয়েছেন, মান্দালয়ে বুধবার রাতে শত শত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। বৌদ্ধ তরুণরা শহরটিতে উস্কানিমূলক মহড়া দেয়ার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

বিক্ষুদ্ধ বৌদ্ধ দাঙ্গাবাজরা অনেক গাড়ি, দোকান ও মসজিদে হামলা চালায়।

মান্দালয়ে প্রায় ২ লাখ মুসলিম বাস করে।

২০১২ সালের জুলাই থেকেই মিয়ানমারে এই দুটি সম্প্রদায় সহিংতায় জড়িয়ে পড়েছে। ওই সময় থেকে দুই সম্প্রদায়ের দাঙ্গায় ২০০ জনেরও বেশি নিহত ও অন্ততপক্ষে ১ লাখ ৪০ হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে।

দাঙ্গার শিকার অধিকাংশ মানুষই মুসলিম সম্প্রদায়ের।