২ মার্কিন পর্যটকের বিচার করবে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের অভিযোগে দুই মার্কিন পর্যটকের বিচার করবে আদালত। যাদের বিচার করা হবে তাদের একজনের নাম ম্যাথু মিলার এবং অপরজন জেফরি ফোউল।
ম্যাথু মিলারকে গত এপ্রিলে এবং জেফরি ফোউলকে চলতি মাসের শুরুতে আটক করে উত্তর কোরিয়া।
দেশটির সরকারি কেসিএনএ বার্তা সংস্থা বলেছে, “দুই মার্কিন পর্যটকের বৈরি কাজের বিষয়টি প্রমাণিত এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।” তবে তাদেরকে কখন আদালতে নেয়া হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি কেসিএনএ।
এ সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর দক্ষিণ কোরিয়া সফর এবং জাতিসংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়ংইয়ং এর স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার একদিন পরই এ পদক্ষেপ এল।
এছাড়া, ২০১২ সালের নভেম্বর থেকে উত্তর কোরিয়ায় আটক রয়েছেন যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ধর্ম প্রচারক কেনেথ বায়ে। খ্রিস্টধর্ম প্রচারের পাশাপাশি উত্তর কোরিয়ার সরকার পতনের প্রচেষ্টার অভিযোগে দেশটির আদালত বায়েকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার এ পর্যন্ত কয়েকবার বায়ে'কে মুক্ত করার উদ্যোগ নিলেও তা সফল হয়নি।
