২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে এক ব্যক্তির আগুনে আত্মাহুতি

জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সংবিধানের একটি ধারা পরিবর্তন করে প্রধানমন্ত্রী শিনজো আবের নতুন প্রস্তাবিত আইনের প্রতিবাদে টোকিওয় এক ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 07:58 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM


নতুন এ আইনের ফলে বিদেশে জাপানের সেনা মোতায়েনের পথ প্রশস্ত হতে পারে। জাপান সরকার আগামী মঙ্গলবারেই সংবিধানে এ পরিবর্তনের উদ্যোগ নিতে পারে।

প্রত্যক্ষদর্শীরা বলেছে, সরকারের এ পদক্ষেপের প্রতিবাদে স্যুট-টাই পরা মধ্যবয়সী এক ব্যক্তি টোকিওর শিনজুকি স্টেশনে একটি পায়ে হাঁটা সেতুর ওপর উঠে দেহে আগুন দেয়।

তাকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জাপানে মার্কিন-খসড়া সংবিধানে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে জাপানের যুদ্ধে জড়ানো এবং শক্তি প্রয়োগের হুমকি দেয়া নিষিদ্ধ। আর সে কারণে সুপ্রশিক্ষীত এবং সুসজ্জিত সেনাবাহিনী থাকা সত্ত্বেও জাপান বিদেশে সেনা মোতায়েন করতে অপারগ।

দ্বিতীয়-বিশ্বযুদ্ধ পরবর্তী সংবিধানের ৯ অনুচ্ছেদের আওতায় জাপান কেবলমাত্র নিজেদের প্রতিরক্ষায় সামরিক শক্তি ব্যবহার করতে পারে। আন্তর্জাতিক সংঘাত সমাধানে তারা সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিতে পারে না।

সংবিধানের ধারা পরিবর্তন করে সামরিক বাহিনীর ওপর থেকে এ বাধানিষেধগুলোই তুলে দিতে চান প্রধানমন্ত্রী। নতুন নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় জাপানকে আগের অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে বলেই মনে করেন তিনি।

কিন্তু বিষয়টি নিয়ে জাপানে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে। সমালোচকরা আবের এ পদক্ষেপকে দেশের সামরিক হম্বিতম্বির দিকে যাওয়ার চেষ্টা হিসাবে দেখছেন। আর আবের পদক্ষেপের পক্ষে যারা তারা জাপানের সামরিক বাহিনীর ওপর বাধানিষেধকে দেশটির ওপর চাপিয়ে দেয়া দ্বিমুখী নীতি হিসাবে দেখছেন।