২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিকরিত নিয়ে নতুন করে লড়াই

ইরাকে উত্তরাঞ্চলীয় তিকরিত শহর সুন্নি জঙ্গিদের দখলমুক্ত করতে নতুন করে অভিযান চালিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 05:33 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

শহরের বিভিন্ন জায়গায় জঙ্গি আস্তানাগুলোতে বিমান হামলা চলছে। শহরজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা।

এর আগে শনিবার তিকরিত শহরকে জঙ্গিমুক্ত করতে অগ্রসর হওয়া ইরাকি বাহিনী প্রচণ্ড প্রতিরোধ লড়াইয়ের মুখে কাছাকাছি একটি শহরে পিছু হটে।

ওইদিন ইরাকি বাহিনী শহরটিতে ট্যাংক, সশস্ত্র যান এবং বিমান হামলা শুরু করে। লড়াইয়ে দুপক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং পরে সেনারা ২৫ কিলোমিটার দক্ষিণে দিজলায় পিছু হটতে বাধ্য হয়।

সুন্নি বিদ্রোহীরা ১১ জুন তিকরিত শহর দখল করেছে। শনিবার শহরটি পুনর্দখলের চেষ্টার পর পিছু হটে এখন আবার নতুন করে লড়াই শুরু করেছে ইরাকি সেনারা।

নিরাপত্তা বাহিনী বিভিন্ন দিক থেকে সামনে এগুচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কাশেম আত্তা। ফলে চলছে লড়াই।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, উত্তরাঞ্চলীয় কাদিসিয়া এলাকায় একটি বিশ্ববিদ্যালয়ের কাছে লড়াই চলছে। এর আগে শনিবার নিরাপত্তা বাহিনী এবং তিকরিত দখলে রাখা শসস্ত্র লোকজনের মধ্যে তুমুল লড়াই হয়।

নিরাপত্তা বাহিনী বিমান হামলার সঙ্গে সঙ্গে ট্যাংক ও শসস্ত্র যান ব্যবহার করে বড় ধরনের হামলা চালায়। এতে দুপক্ষেই হতাহতের ঘটনা ঘটে।

‘দ্য ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল) গুলি করে একটি হেলিকপ্টার ভূপাতিত করে এর পাইলটকে গ্রেপ্তার করে। তাছাড়া, শহর পুনর্দখলের লড়াইয়ে বিভিন্ন জায়গায় পাতা বিস্ফোরণের কারণে ইরাকি বাহিনীর অভিযান বাধাগ্রস্ত হয়।

রোববার শহরটি মোটামুটি শান্ত বলা হলেও প্রত্যক্ষদর্শীরা নিরাপত্তা বাহিনীর গোলা হামলা হওয়ার কথা জানায়। ইরাক সরকারও শহরটি পুনর্দখল করা এবং ৬০ জঙ্গি হত্যার দাবি করে।

ইরাক এরই মধ্যে জঙ্গি দমনে রুশ বিমানের প্রথম চালান পাওয়ার কথা জানিয়েছে। রাশিয়ার এ সুখোই যুদ্ধবিমান ৩/৪ দিনের মধ্যে অভিযানে নামবে বলে জানিয়েছে ইরাকের প্রতিরক্ষামন্ত্রণালয়।