২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন ভেনেজুয়েলা

এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রায় পুরো ভেনেজুয়েলা কয়েক ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিল। এ সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো’র টেলিভিশনে সম্প্রচারিত ভাষণও বিদ্যুৎহীনতার কবলে পড়ে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Jun 2014, 03:26 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শুক্রবার বিকেলে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সমস্যার কারণে হঠাৎ করে প্রায় পুরো দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এতে দেশের রাজধানী কারাকাসসহ অন্যান্য বড় শহরের ট্র্যাফিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।

কারাকাস পরবর্তী তিনঘন্টা বিদ্যুৎহীন থাকে। এতে শহরটির অফিস ফেরৎ মানুষজন ভূগর্ভস্থ মেট্রো ট্রেনে আটকা পড়ে উৎকণ্ঠিত হয়ে ওঠে। তবে সন্ধ্যার পরপরই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ট্রেন চলাচল আবার শুরু হয়।

ভেনেজুয়েলার দ্বিতীয় বৃহত্তম শহর মাসাসিবোতেও প্রায় একই পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দেশটির বিদ্যুৎমন্ত্রী জেসি চ্যাকন রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, দেশের কেন্দ্রস্থলে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ ঘাটতি দেখা দিলে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটর বন্ধ করে দিতে হয়। এতে প্রায় পুরো দেশে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।

২০০৭ সালে বিদ্যুৎ বিভাগ জাতীয়করণ করার পর সম্প্রতি কয়েক বছর ধরে দেশটির বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয় দেখা দিচ্ছে। সীমিত রাষ্ট্রীয় বিনিয়োগ এবং বিদ্যুৎ উৎপাদনে নিম্ন হারের কারণে এসব বিপর্যয় সৃষ্টি হচ্ছে বলে সমালোচকেরা মনে করছেন।

বিদ্যুৎ চলে যাওয়ার সময়টিতে প্রেসিডেন্ট মাদুরো সাংবাদিকতার ক্ষেত্রে জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল।

পরবর্তী সময়ে সন্ধ্যায় বিদ্যুৎ আসার পর টেলিভিশনে তিনি বলেন, “কী কারণে অদ্ভুত এই ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়।”

পিক আওয়ার না হওয়ায় এবং সরবরাহ থেকে চাহিদা কম থাকা অবস্থায় বিদ্যুৎ যাওয়ার কারণ কী তা ব্যাপক ও সুনির্দিষ্ট তদন্ত চালিয়ে বের করা হবে বলে ঘোষণা করেন তিনি।

২০১৩ সালের ডিসেম্বরে দেশব্যাপী এ ধরনের এক বিদ্যুৎ বিপর্যয়ের জন্য অবকাঠামোর ওপর হামলাকারী নাশকতাকারীদের দায়ী করেছিলেন মাদুরো।