২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল নিয়ে কেরি ও সৌদি বাদশার আলোচনা

ইরাক ও সিরিয়ার গৃহযুদ্ধের পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের সঙ্কট শুরু হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো নিয়ে সৌদি আরবের বাদশা আবদুল্লাহর সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Jun 2014, 02:36 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শুক্রবার সৌদি আরবে এ আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, আলোচনাকালে সঙ্কট দেখা দিলে তেল সরবরাহ বাড়াবেন বলে মন্তব্য করা এক সৌদি কর্মকর্তার বক্তব্য উল্লেখ করেন কেরি।

তিনি বলেন, “সম্প্রতি সৌদি আরবের এক কর্মকর্তার মন্তব্যের উল্লেখ করে এতে সঙ্কট সৃষ্টি হলে সৌদি আরব কী করবে সেই মনোভাব প্রকাশ পেয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।”

ওই সৌদি কর্মকর্তার মন্তব্যকে কেরি “গঠনমূলক” বলে বর্ণনা করেছেন বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা।

ইরাকে আরো গ্রহণযোগ্য একটি সরকার ক্ষমতায় এলে এবং ওই নতুন সরকার সুন্নি বিদ্রোহীদের সঙ্গে চুক্তি করে ইরাকের ভেঙে যাওয়া রোধ করতে পারলে জ্বালানি তেলের বাজারে সৃষ্টি হওয়া উৎকণ্ঠা দূর হয়ে যাবে বলে ধারণা করছেন মার্কিন কর্মকর্তারা।

সপ্তাহব্যাপী এক সফরে ইউরোপ ঘুরে বাগদাদসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ঘুরে সফরের শেষ পর্যায়ে সৌদি আরবে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্র চায়, ইরাকের নতুন সরকারে যোগ দিতে সুন্নি বিদ্রোহীদের ওপর সৌদি আরব চাপ সৃষ্টি করুক।