‘অভিশপ্ত’ স্মৃতি ইরানি
নারী হয়ে জন্ম নেয়ায় পরিবারের জন্য ‘অভিশাপ বা বোঝা’ হিসেবে মনে করা হয়েছিল ভারতের বর্তমান মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিকে। এই ভেবে তাকে মেরে ফেলারও পরামর্শ দিয়েছিলেন তার পরিবারের ঘনিষ্ঠ কেউ একজন।
তবে ভাগ্যগুণে বেঁচে থাকতে পেরে বর্তমানে পৃথিবীর বৃহত্তম জনগোষ্ঠীর দেশ ভারতের মানব সম্পদ উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়েছেন সৌভাগ্যবান এই নারী।
এনডিটিভির খবরে বলা হয়, সম্প্রতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে প্রথমবারের মতো নিজের সম্পর্কে এমন তথ্য দিয়েছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী।
কন্যা ভ্রুণ নষ্ট করা নিয়ে এক শিক্ষার্থীর করা প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। তবে কে তাকে মেরে ফেলার পরামর্শ দিয়েছিল সে বিষয়টি অস্পষ্টই রাখেন তিনি।
“বিষয়টি আমি প্রথমবারের মতো প্রকাশ করছি। যখন আমার জন্ম হয়; কেউ একজন আমার মাকে এসে বুঝালো-মেয়ে শিশু তো বোঝা (বেটি তো বোঝ হতি হ্যায়)। এজন্য আমাকে যেন মেরে ফেলা হয় সে পরামর্শও দেয়া হয়। কিন্তু আমার মা ছিলেন সাহসী। তাই তিনি এমনটি করেন নি।সে কারণেই আজ এখানে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে,” বলেন স্মৃতি ইরানি।
তিনি বলেন, এ ধরনের কুসংস্কার দূর করতে হবে এবং এটাই আমাদের সরকারের অগ্রাধিকারমূলক কাজ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তুমি যদি একটা মেয়েকে শিক্ষার সুযোগ দাও তাহলে তা কেবল একজন নারীকে শিক্ষিত করা নয়; তা একটি পরিবারকে শিক্ষিত করা; যা পরে জাতিগঠনে সাহায্য করবে।
অপর প্রশ্নের জবাবে ইরানি বলেন, দেশের বেকারত্ব সমস্যা দূর করতে সরকার শিক্ষার সঙ্গে দক্ষতার উন্নয়নের সংযোগ ঘটানোর চেষ্টা করছে। শিক্ষাক্রমকে আরো বাস্তব সম্মত করার চেষ্টাও চলছে বলে জানান তিনি।
অভিভাবকের দারিদ্র্যর কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনার সব সুযোগ পাচ্ছে না, এমন অভিযোগের জবাবে স্মৃতি বলেন, শিক্ষা লাভের ক্ষেত্রে বাবার অর্থিক অবস্থা ছাত্র/ছাত্রীদের ওপর প্রভাব ফেলবে না।
নিজের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, নিম্ন মধ্যবিত্ত পরিবারেই জন্মেছিলেন তিনি। বাবা-মার সহযোগিতাতেই আজ এতদূর এগিয়ে আসতে পেরেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থিক অসচ্ছলতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অর্থিক অসচ্ছলতার কারণে একসময় চা বিক্রি করতে হয়েছিল প্রধানমন্ত্রীকে। আর সেখান থেকেই তিনি আজকের অবস্থানে উঠে এসেছেন।
