রাহুল-সোনিয়াকে আদালতে তলব
ভারতে বেআইনিভাবে একটি সংবাদপত্রের মালিকানা নেয়ার অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এ মামলায় রাহুল-সোনিয়াসহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে আদালতে হাজির হতে বুধবার নির্দেশ দিয়েছেন দিল্লির এক বিচারক।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস নেতারা ২০১০ সালে ‘দ্য ন্যাশনাল হেরাল্ড’ নামের প্রাচীন পত্রিকাটির মালিকানা নিয়ে নেয় যা ২০০৮ সাল থেকে বন্ধ রয়েছে।
কংগ্রেস নেতাদের দাবি, ১৯৩৮ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পত্রিকাটি প্রতিষ্ঠা করেছিলেন। এখন তারা পত্রিকাটি আবার চালু করতে চান।
বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী মামলাটি দায়ের করেছিলেন। তার অভিযোগ, বিবাদিরা পত্রিকাটির সম্পদ নিজেদের দখলে নিতে দলের তহবিল থেকে বেআইনিভাবে টাকা খরচ করেছেন।
কংগ্রেসের একজন মুখপাত্র বিবিসির কাছে দাবি করেন, তার দলের সভাপতি সোনিয়া ও সহ-সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।
বৃহস্পতিবার শুনানি শেষে মহানগর হাকিম গোমতি মেনছা বলেন, সব আসামির বিরুদ্ধে তিনি প্রাথমিক প্রমাণ পেয়েছেন। আদালত আগামী ৭ অগাস্ট আসামিদেরকে হাজির হওয়ার নির্দেশ দিচ্ছে।
গান্ধী পরিবারের দুই সদস্য ছাড়াও কংগ্রেস নেতা অস্কার ফান্দান্দোজ ও মতিলাল ভোরাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক।
গত লোকসভা নির্বাচনে ব্যাপক জনসমর্থন হারিয়ে ভারতের শাসন থেকে বিদায় নিয়েছিল কংগ্রেস। ৫৪৩ আসনের মধ্যে মাত্র ৪৪টিতে জিতেছে তারা। অপরদিকে, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ২৮২ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে।
