২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে তেলক্ষেত্র দখল, বিমান ঘাঁটিতে হামলা

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সেনা ও গোয়েন্দা বিশ্লেষকদের ইরাকে উপস্থিতি ও কাজ শুরু করার মধ্যেই বিদ্রোহী জঙ্গিরা দেশটির সবচেয়ে বড় বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ও ছোট কয়েকটি তেলক্ষেত্র দখল করে নিয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 03:44 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বুধবার জঙ্গিরা তিকরিত থেকে ৩০ কিলোমিটার দূরের আজঈল তেলখনি দখল করে নেয়। এই খনিটিতে অন্ততপক্ষে তিনটি ছোট তেলক্ষেত্র রয়েছে।

এসব তেলক্ষেত্র থেকে প্রতিদিন ২৮ হাজার ব্যারেল তেল উত্তোলণ হয় বলে জানিয়েছেন ক্ষেত্রটিতে কর্মরত এক প্রকৌশলী।

ওই প্রকৌশলী জানিয়েছেন, ক্ষেত্রটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশদের প্রত্যাহার করে নেয়ার পর স্থানীয় উপজাতিরা এর দায়িত্ব গ্রহণ করে। কিন্তু এর কাছাকাছি আল আলম টাউন জঙ্গিরা দখল করে নিলে উপজাতিরা ক্ষেত্রটি ছেড়ে চলে যায়।

দুটি পাইপলাইনের মাধ্যমে আজঈল, তুরস্কের সিহান বন্দর ও বেইজি তেল শোধনাগারের সঙ্গে যুক্ত। বুধবার সকালেও বেইজি তেল শোধনাগারের দখল নিয়ে জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছিল।

বাগদাদের ২শ’ কিলোমিটার উত্তরের বেইজি তেল শোধনাগারটি ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগার। এখান থেকে দেশটির ৭৫ ভাগ পরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করা হয়।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শোধনাগারটি রক্ষায় হেলিকপ্টার যোগে অতিরিক্ত সরকারি সেনা সরবরাহ করার ফুটেজ রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে।

স্থানীয় উপজাতি নেতারা জানিয়েছেন, সরকারি বাহিনী বেইজি ছেড়ে গেলে তাদের তেলক্ষেত্রটি পরিচালনা করতে দেয়ার জন্য তারা শিয়া নেতৃত্বাধীন সরকার ও সুন্নি বিদ্রোহী, উভয়ের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন।

সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, সরকার চায় উপজাতিরা বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএল ও অন্যান্য সুন্নি গোষ্ঠীর সঙ্গ ছেড়ে তেল শোধনাগারটি রক্ষার জন্য তাদের সঙ্গে কাজ করুক।

বুধবার থেকে বেইজি তেল শোধনাগারের দখল নিয়ে সরকারি ও বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে।

এদিকে বুধবার কিরকুকে এক আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দুই সপ্তাহ আগে কুর্দি বাহিনী শহরটির দখল নিয়েছিল। কুর্দি বাহিনী দখল নেয়ার পর এই প্রথম সেখানে আত্মঘাতী হামলা চালানো হল। নিহতদের মধ্যে দুজন কুর্দি নিরাপত্তা রক্ষীও রয়েছেন।

অপরদিকে বাগদাদ থেকে ৯০ কিলোমিটার উত্তরে যাত্রিব টাউনে বুধবার ভোররাতে সরকারি বাহিনীর সঙ্গে আইএসআইএল ও মিত্র সুন্নি উপজাতিদের লড়াই শুরু হয়েছে।
এখানে ৪ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রিব পৌরসভার উপপ্রধান ও প্রত্যক্ষদর্শীরা।

এই টাউনের কাছকাছি অবস্থিত ইরাকের সবচেয়ে বড় বিমান ঘাঁটিও ঘিরে ফেলেছে জঙ্গিরা। ঘাঁটি লক্ষ করে মর্টার গোলা নিক্ষেপ করেছে তারা।