২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার হামলাকে স্বাগত জানালেন মালিকি

ইরাক ও সিরিয়ার মধ্যকার সীমান্ত পারাপার এলাকায় ইসলামপন্থি জঙ্গিদের ওপর সিরিয়ার বিমান হামলাকে স্বাগত জানাচ্ছেন বলে বিবিসি’কে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 03:34 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

সিরিয়ার জঙ্গি বিমান গত মঙ্গলবার ইরাকের সীমান্ত শহর আল কাইম এর কাছে সিরীয় অংশে জঙ্গি আস্তানাগুলোতে বিমান হামলা চালিয়েছে বলে এর আগে বিবিসি’কে নিশ্চিত করে জানান মালিকি।

তবে ইরাকের সামরিক বাহিনী এবং বিদ্রোহী সূত্রগুলো ইরাকের অংশেই এ বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে।

মালিকি বলেন, তিনি এ হামলা চালানোর অনুরোধ জানাননি। সমন্বিত ভাবেও কিছু করা হয়নি। তবে ‘দ্য ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল) এর বিরুদ্ধে যে কোনো হামলাকেই তিনি স্বাগত জানাবেন।

তিনি বলেন, “তারা তাদের মত হামলা চালিয়েছে। আমরা আমাদের মত হামলা চালিয়েছি। আর শেষে আমরা দুই দেশই জিতেছি”।

ইরাক এবং যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারাও এর আগে সিরিয়ার যুদ্ধবিমানগুলোকে ইরাকের ভেতরে জঙ্গি অবস্থানগুলোতে মঙ্গলবার বোমা বর্ষণ করতে দেখার কথা জানিয়েছে।

বিদ্রোহীদের কয়েকটি সূত্রও দুইদিন ধরে বলে আসছে যে, সিরিয়ার জঙ্গি বিমান ইরাকের কাইম শহর এমনকি রুতবা শহরেও হামলা চালিয়েছে। প্রথম হামলায় ৭০ জন এবং দ্বিতীয় হামলায় ২০ জন নিহত হয়েছে বলে জানায় তারা।

আইএসআইএল ও এর মিত্র সুন্নি মুসলিমরা এ মাসে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলসহ বিশাল একটি অঞ্চল দখল করে নিয়েছে।

ইরাক সরকার দেশের উত্তর ও পশ্চিমে জঙ্গিদের অগ্রযাত্রা রুখতে লড়াই করে যাচ্ছে। ইরান থেকে সহায়তাও পাচ্ছে তারা। ইরাক সরকারকে সমর্থন দিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রও জোর দিয়ে বলেছে, ইরাকের নিজস্ব বাহিনীই কেবল জঙ্গিদেরকে পরাজিত করতে পারে।

জাতীয় ঐক্য রক্ষার চেষ্টা হিসাবে ইরাকের প্রধানমন্ত্রী মালিকি নতুন একটি সরকার গড়ার চেষ্টা নেবেন। আগামী সপ্তাহে বাগদাদে পার্লামেন্টের অধিবেশনের সময় এ চেষ্টা চালাবেন তিনি।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ রাজনৈতিক ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করতে বাগদাদে গেছেন। তিনি বলেন, “ইরাকের বন্ধু দেশ হিসাবে যুক্তরাজ্য মনে করে এ মুহূর্তে একটি ব্যাপকভিত্তিক সরকার গড়াই সঙ্কট থেকে বেরিয়ে আসার জন্য সবচেয়ে জরুরি”।