২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় ফের পশ্চিমা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

পূর্ব ইউক্রেইনে সরকারি বাহিনী এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও লড়াই ছড়িয়ে পড়তে থাকায় রাশিয়ায় নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমা বিশ্ব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 09:23 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বার্লিনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার না হলে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, রাশিয়া নিস্ক্রিয় হলে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা আরো বাড়বে।

পূর্ব ইউক্রেইনে যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে তা ভেঙে পড়তে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো। তার পররাষ্ট্রমন্ত্রী পাভলো ক্লিমকিন ব্রাসেলসে নেটো বৈঠকে সাংবাদিকদের বলেন, ইউক্রেইন শুক্রবার থেকে শুরু হওয়া একতরফা যুদ্ধবিরতিতে অটল থাকবে।

বিবিসি জানায়, মঙ্গলবার ইউক্রেইনের সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। এতে নিহত হয় ৯ জন।

যুদ্ধবিরতি শুরুর পর থেকে রুশপন্থি বিদ্রোহীরা তা ৪৪ বার ভঙ্গ করেছে বলে বুধবার অভিযোগ করেছে ইউক্রেইনের সেনাবাহিনী।