ফেরি দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ছাত্ররা ফের স্কুলে
দক্ষিণ কোরিয়ার ভয়াবহ ফেরি দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসা ৭৫ জন স্কুল ছাত্র আবার তাদের শ্রেণীকক্ষে ফিরেছেন।
বুধবার হাতে হাত ধরে ওই ছাত্ররা হেঁটে স্কুলের গেটের দিকে এগিয়ে যায়। এ সময় তাদের কয়েকজনকে কান্না সংবরণ করার চেষ্টা করা অবস্থায় দেখা যায়।
ক্লাসে ফেরার পর তারা তাদের নিহত স্কুল সতীর্থ আড়াইশ’ ছাত্রের কথা সব সময় মনে রাখার প্রত্যয় জানায়।
ডানওন হাইস্কুলের ৩২৫ জন ছাত্র তাদের শিক্ষকদের তত্ত্বাবধানে দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপে শিক্ষা সফরে যাওয়ার সময় ২০ বছরের মধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়।
তাদের বহনকারী ফেরিটি ৪৭৬ জন যাত্রীসহ সাগরে ডুবে যায়। দুইমাস আগের এই ঘটনায় ৩০০’রও বেশি যাত্রী মারা যান।
ডানওন স্কুলের বেঁচে ফিরে আসা ছাত্ররা বাসে করে স্কুলের পথে আসার সময় পুলিশের গাড়ি তাদের পাহারা দিয়ে নিয়ে আসে।
এ সময় রাস্তার পাশে দাঁড়ানো নিহত শিশুদের পিতামাতারা প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে রাখে, তাতে লেখা ছিল, “আমরা তোমাদের ভালবাসি।”
বেঁচে আসা ছাত্রদের প্রতিনিধি হিসেবে ১৮ বছরের এক ছাত্র বলেন, “বড়রা আমাদের অনবরত ওই ঘটনা ভুলে গিয়ে স্বাভাবিক থাকার জন্য বলেন। কিন্তু আমারা আমাদের বন্ধুদের ভুলে যাবো না, আমরা তাদের মনে রাখবো।”
“কারণ আমাদের সর্বোচ্চ যা আমারা করতে পারি তা হল তাদের ভুলে না যাওয়া। আমরা যেমন তাদের মনে রাখবো, অনুগ্রহ করে আপনারাও তাদের ভুলে যাবেন না।”
