২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনারা

সুন্নি বিদ্রোহী জঙ্গিদের মোকাবিলায় ইরাকি সেনাবাহিনীকে সহায়তা করতে দেশটিতে যুক্তরাষ্ট্রের সেনারা পৌঁছে কাজ শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 02:51 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বিশেষ অভিযানের বিষয়ে দক্ষ ৩০০ জন সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

এদের মধ্যে প্রায় অর্ধেক সেনা মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদ পৌঁছে কাজ শুরু করে দিয়েছেন এবং ইতোমধ্যে তাদের একটি অংশ লড়াইয়ের ময়দানে চলে গেছেন।

বিবিসি বলছে, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের বাকী সেনারাও ইরাক পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

পেন্টাগন জানিয়েছে, দুটি দলে যুক্তরাষ্ট্রের ৪০ জন সেনা যুদ্ধক্ষেত্রে ইরাকি সেনাদের সহায়তা করতে কাজ শুরু করেছেন, অপর ৯০ সেনা বাগদাদে থেকে নতুন একটি সমন্বিত অভিযান কমান্ড কেন্দ্র গঠনে কাজ শুরু করবেন।

আগামী কয়েক দিনের মধ্যে প্রত্যেক দলে ৫০ জন সেনা করে আরো ৪টি দল এসব সেনার সঙ্গে যোগ দেবে।

যুক্তরাষ্ট্রের এসব সেনা কোনো অভিযানে অংশ নেবে না বলে জানিয়েছে ওবামা প্রশাসন। এসব সেনারা ইরাকি বাহিনীকে পরামর্শ দিয়ে এবং গোয়েন্দা তথ্য পাওয়ার বিষয়ে সহায়তা করবে।

ইসলামি জঙ্গি গোষ্ঠী ‘দি ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ত (আইএসআইএল)’ এর নেতৃত্বাধীন সুন্নি বিদ্রোহীরা ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল, দেশটির বৃহত্তম তেল শোধনাগার বেইজিসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে নিয়েছে।

ওই বিদ্রোহীরা এখন রাজধানী বাগদাদের দিকে এগোচ্ছে এবং রাজধানী দখল করার প্রত্যয় জানিয়েছে। ইতোমধ্যে বাগদাদামুখী বিদ্রোহীদের একটি হামলা সরকারি বাহিনী প্রতিরোধ করেছে বলে খবর পাওয়া গেছে।

ইরাকি সরকার বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছিল। কিন্তু এ ধরনের কোনো পদক্ষেপে ইরাকের শিয়া-সুন্নি সাম্প্রদায়িক দাঙ্গায় যুক্তরাষ্ট্র পক্ষ নিচ্ছে বলে অভিযোগ উঠবে বলে সাড়া দেননি প্রেসিডেন্ট ওবামা।

অপরদিকে, সাম্প্রতিক ইরাক সফরে কুর্দিস্তানে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সুন্নি বিদ্রোহী আইএসআইএল’র আগ্রাসন থেকে ইরাককে রক্ষায় আঞ্চলিক ঐক্যের ডাক দিয়েছেন।