ইউক্রেইনীয় সেনা হেলিকপ্টারে রকেট হামলা, নিহত ৯
যুদ্ধবিরতি চলা সত্বেও পূর্ব ইউক্রেইনে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে রুশপন্থী বিদ্রোহীরা রকেট হামলা চালিয়ে ৯ আরোহীকে হত্যা করেছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
সেনাবাহিনীর এমআই-৮ হেলিকপ্টারটি মঙ্গলবার বিদ্রোহী অধিকৃত শহর স্লোভিনস্কের বাইরে থেকে উড্ডয়নের পরপরই একটি রকেট সেটিকে আঘাত করে বলে দাবি করা হয়েছে।
তবে গুলি করে হেলিকপ্টার নামানোর বিষয়ে বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি বলে জানিয়েছে বিবিসি।
এর আগে, রুশপন্থী বিদ্রোহীরা ইউক্রেইনীয় দুটি হেলিকপ্টার ও একটি বিমান গুলি করে নামিয়েছিল।
একদিন আগে সোমবার ইউক্রেইন সরকার ঘোষিত একতরফা যুদ্ধবিরতি শুক্রবার সকাল পর্যন্ত পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছিল বিদ্রোহীরা। শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সরকার পক্ষ একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।
কিন্তু প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো জানিয়েছেন, বিদেশ থেকে নিয়ন্ত্রিত সন্ত্রাসীদের অব্যাহত সহিংসতার কারণে যুদ্ধ বিরতির ইতি ঘটাতে পারেন তিনি।
তার দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “ঘোষিত সময়ের আগেই যুদ্ধবিরতির অবসান ঘটানোর সম্ভাবনা বাতিল করেননি রাষ্ট্রপ্রধান।”
