২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ার বিমানবন্দরে বিমানে গুলিবর্ষণে নিহত ১

পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি যাত্রীবাহি বিমান লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে বন্দুকধারীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Jun 2014, 10:09 AM

Updated : 13 Oct 2022, 12:16 PM

মঙ্গলবার রাতের এই হামলায় বিমানটিতে থাকা এক নারী নিহত ও ৩ জন বিমান কর্মী আহত হয়েছেন।

চলতি মাসে পাকিস্তানের বিমানবন্দরে চালানো এটি তৃতীয় হামলা।

পিআইএ’র ফ্লাইট পিকে ৭৫৬ সৌদি আরব থেকে ১শ’ ৭৮ জন যাত্রী নিয়ে পাকিস্তানের এসেছিল।

বিমানটি পেশোয়ার বিমানবন্দরে নামার প্রস্তুতি নেয়ার সময় হামলার শিকার হয় বলে বিমানবন্দরটি থেকে জানিয়েছেন পুলিশ সদস্য আসগর খান।

পুলিশ জানিয়েছে, বিমানটিতে ছয়টি গুলি লেগেছে, এতে এক পাকিস্তানি নারী যাত্রী নিহত হন ও বিমানটির পাইলট অল্পের জন্য বেঁচে যান। বিমানটির ইঞ্জিনে অন্তত একটি গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।

পিআইএ কর্মকর্তা মোহাম্মদ কিফায়েতুল্লাহ খান জানিয়েছেন, গুলি নিহত নারীর মাথায় বিদ্ধ হওয়ার সময় তার কন্যা পাশের আসনে বসা ছিল।

তিনি বলেন, “আমি বিমানের ভিতরে গিয়ে দেখলাম, ওই নারী তার আসনে শুয়ে আছেন এবং তার নয় বছরের কন্যা ‘আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে’ বলে কাঁদছে।”

“সব যাত্রীরা আতঙ্কিত হয়ে ছিল। তাদের মধ্যে কয়েকজন আরো হামলার ভয়ে যত দ্রুত সম্ভব বিমানটি থেকে নেমে যেতে চাইছিলো।”

“বিমানের পাইলট অল্পের জন্য বেঁচে গেছেন। তার শরীরে গুলি লাগলে ফলাফল ভয়াবহ হতো,” বলেন তিনি।

এর আগে, ৮ জুন, ১০ তালেবান বন্দুকধারী করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাঁচ ঘন্টা ধরে বন্দুক লড়াই চালায়। এতে ওই ১০ হামলাকারীসহ ৩৪ জন নিহত হন।

এর দুদিন পর ওই বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর একটি একডেমিতে আবার হামলা চালায় তালেবান জঙ্গিরা।

তালেবানকে দমন করার জন্য ১৫ জুন থেকে উত্তর ওয়াজিরিস্তানে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। কিন্তু তালেবানের শক্তিশালী পাল্টা হামলা ঠেকাতে সরকার প্রস্তুত কিনা পেশোয়ার বিমানবন্দরে হামলার পর তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।