২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি বিশ্ববিদ্যালয়: স্নাতক কোর্স নিয়ে অচলাবস্থা

ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক কোর্স নিয়ে অচলাবস্থা সৃষ্টি হওয়ার পর মঙ্গলবার পদত্যাগ করেছেন ভিসি দ্বিনেশ সিং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 07:34 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

এনডিটিভি’র খবরে বলা হয়, মঙ্গলবার চার বছরের কোর্সের পক্ষে দায়ের করা একটি আবেদন সুপ্রিম কোর্টে নাকচ হয়ে যাওয়ার পর পদত্যাগ করেন তিনি। এছাড়া, চার বছরের পক্ষে থাকা শিক্ষকরাও মঙ্গলবার থেকে অনশন শুরু করেছেন।

দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক এসকে মিশ্র বলেন, “এটা ডিইউ’র প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের ওপর আঘাত। এইচআরডি মন্ত্রণালয়ের নির্দেশে ইউজিসি এমনটি করছে। শিক্ষা প্রতিষ্ঠানের ওপর ইউজিসির হস্তক্ষেপের বিরুদ্ধেই তাদের অনশন।”

এইদিন চার বছরের স্নাতক কোর্সের পক্ষে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের করা আবেদন নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দিল্লির হাই কোর্টে গিয়ে এ বিষয়ে আবেদন করার পরামর্শ দিয়েছেন বিচারক।

গত বছর বিভিন্ন মহলের বিরোধিতা সত্ত্বেও চার বছরের স্নাতক কোর্স চালু করে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন সরকারি সংস্থা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে ওই প্রকল্প বন্ধের নির্দেশ দিয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের চার বছরের স্নাতক প্রকল্প জাতীয় পর্যায়ে শিক্ষা নীতির ব্যাঘাত ঘটাতে পারে বলে ইউজিসি’র যুক্তি।

তবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দাবি এ ধরনের দাবি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের অধিকার ক্ষুন্ন করবে। চার বছর ডিগ্রির পক্ষে থাকা আরেক দল শিক্ষক বলেন, গত বছর ইউজিসিই প্রকল্পটির অনুমোদন দিয়েছিল।

তবে বিশ্ববিদ্যালয় ও ইউজিসির মধ্যে এই টানাপোড়েন নিয়ে কথা বলতে রাজি হননি শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি।

ভারতের সব শিক্ষা প্রতিষ্ঠানে তিন বছর মেয়াদের স্নাতক ডিগ্রি পেয়ে থাকেন শিক্ষার্থীরা। তবে দিল্লি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি কিংবা ইংলিশের মতো বিষয়গুলো যোগ করে স্নাতক ডিগ্রি দিতে অতিরিক্তি এক বছর বাড়ানো হয়।

চার বছরের স্নাতক ডিগ্রি পাঠ্যসূচির আওতায় গতবছর প্র্রায় ৬০ হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন। তবে নতুন করে শুরু হওয়া দ্বন্দ্বের কারণে চিন্তার মুখে পড়েছে তারা।