কুর্দিস্তানকে ইরাকের পতন ঠেকানোর আহ্বান কেরির
ইরাকে সুন্নি বিদ্রোহের মুখে দেশের পতন ঠেকাতে বাগদাদ সরকারের পাশে দাঁড়ানোর জন্য স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের নেতাদেরকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
বাগদাদ সফরের পরদিন কুর্দিস্তানে যান কেরি। সেখানকার নেতাদের সঙ্গে বৈঠকে তিনি ওই আহ্বান জানান। ইরাকের অস্তিত্ব হুমকির সম্মুখীন হওয়ায় দেশটি জরুরি ভিত্তিতে কিছু করার মুহূর্ত পার করছে বলে উল্লেখ করেন কেরি।
কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানি ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে কুর্দিস্তানের স্বাধীনতা দাবির পক্ষে জোরাল অবস্থান জানানোর পর কেরি কুর্দি নেতাদের সঙ্গে এ বৈঠক করলেন।
সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে কেরি বলেন, “স্পষ্টতই ইরাকের পতন ঘটছে.....কুর্দিস্তানের জনগণের জন্য ইরাকের ভবিষ্যৎ নির্ধারণ করার সময় এখনই। এখন আমরা কি করব সেটাই জনগণের সিদ্ধান্ত নেয়ার বিষয়”।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন, বাগদাদের রাজনৈতিক প্রক্রিয়ায় কুর্দিদেরকে সম্পৃক্ত রাখতে পারাটা ইরাককে বিভক্তি থেকে বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন মার্কিন পররাষ্ট্র কর্মকর্তা বলেছেন, “কুর্দিরা বাগদাদের রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরে গেলে দ্রুতই বেশকিছু নেতিবাচক প্রবণতা দেখা দেবে”।
কুর্দি নেতারা এরই মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইরাককে অখন্ড রাখা নিয়ে চুক্তি এখন মুখ থুবড়ে পড়েছে। “ইরাকে কুর্দিরা নতুন বাস্তবতার মুখে পড়েছে” বলে কেরির সঙ্গে বৈঠকে মন্তব্য করেছেন কুর্দি প্রেসিডেন্ট মাসুদ বারজানি।
এর আগে বারজানি সহিংসতার জন্য ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি ‘ভুল নীতিমালা’ কে দায়ী করেন এবং মালিকির পদত্যাগ দাবি করেন। অখন্ড ইরাক রাষ্ট্র কল্পনা করা খুব কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে সুন্নি জঙ্গিরা বিদ্রোহী তৎপরতা শুরুর দুইদিন পরই কুর্দি সেনারা কিরকুক দখল করে।
কুর্দিরা আর ইরাকের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয় এবং তারা স্বাধীন হয়ে যাওয়ার সুযোগ খুঁজছে বলেও আভাস পাওয়া গেছে কয়েকজন ঊর্ধ্বতন কুর্দি কর্মকর্তাদের কথা থেকে।
তবে ইরাকে সবার অংশগ্রহণের একটি জাতীয় ঐক্যের নতুন সরকার গঠনের লক্ষ্য নিয়ে এগুচ্ছে যুক্তরাষ্ট্র। যে সরকার সুন্নি বিদ্রোহ কমাবে বলে যুক্তরাষ্ট্র আশা করে। আর এ প্রক্রিয়ায় কুর্দি নেতাদের শামিল হতে রাজি করানোও কেরির লক্ষ্য।
