আল জাজিরার তিন সাংবাদিকের জেল
মিশরে নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থি দল মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দেয়ার অভিযোগে আল জাজিরা’র তিন সাংবাদিককে কমপক্ষে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মিথ্যা সংবাদ রটিয়ে ‘সন্ত্রাসী’ দল মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতা করার অভিযোগে অস্ট্রেলীয় সাংবাদিক পিটার গ্রেস্টে, কেনিয়া-ভিত্তিক মোহাম্মদ ফাহমি এবং কানাডিয়ান-মিশরীয় সাংবাদিক বাহের মোহামেদকে দোষী সাব্যস্ত করে কায়রো আদালত। তবে তিনজনই অভিযোগ অস্বীকার করেছে।
তিন বিদেশি সাংবাদিকসহ ১১ জনকে তাদের অনুপস্থিতিতেই বিচার করা হয়। অন্যদেরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া, গোলাবারুদ বহনের অভিযোগে আরেকটি আলাদা মামলায় বাহের মোহামেদের আরো তিন বছরের জেল হয়েছে।
মিথ্যা সংবাদ রটিয়ে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করা, এবং ব্রাদারহুডের সদস্যদের অর্থ, রসদ ও তথ্য সরবরাহের অভিযোগে গত ডিসেম্বরে ওই তিন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।
তাদের বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি উঠায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল সৃষ্টি হয়েছে। মিশরে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
