২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফির বিরুদ্ধে নিজ ফুটবল দলের সতীর্থ খেলোয়াড়কে খুন করার অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 01:54 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

মার্চে নাইজার থেকে ফেরত পাঠানোর পর রোববার প্রথমবারের মতো সাদিকে আদালতে হাজির করা হয়।

লিবিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এলএএনএ’র বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, লিবীয় ফুটবল খেলোয়ার বশির রিয়ানিকে তিনি খুন করেছেন বলে সন্দেহ করা হয়।

গাদ্দাফির তৃতীয় সন্তান সাদি ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি দেশের ক্লাবগুলোর হয়ে যেমন খেলেছেন তেমনি ইতালির পেরুজিয়া ফুটবল ক্লাবের হয়েও খেলেছেন।

এলএএনএ’র প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, লিবিয়ার অ্যাটর্নি জেনারেল দপ্তর সাদির বিরুদ্ধে ২০১১’র গাদ্দাফিবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমন করার চেষ্টা এবং বর্তমান সরকারকে উৎখাতের উদ্দেশ্যে দক্ষিণ লিবিয়ায় বিদ্রোহীদের সমর্থন করার অভিযোগ আনবে।

গাদ্দাফি সরকারের সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ সানুসি এবং সাবেক প্রধানমন্ত্রী বাঘদাদি মাহমুদিকে একইদিন আদালতে হাজির করা হয়েছিল।

তাদের বিরুদ্ধে ধর্ষণ, সহিংসতা উস্কে দেয়া এবং গাদ্দাফিবিরোধী লড়াইয়ের সময় জাতীয় ঐক্য বিনষ্ট করার অভিযোগ আনা হয়েছে।