মিশরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৯
মিশরের সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে অন্তত ১৯ বন্দুকধারী নিহত হয়েছেন।
রোববার উত্তর সিনাইয়ের শেখ জুবেইদ শহরে এই অভিযান চালানো হয় বলে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে।
রোববার রাতে বার্তা সংস্থা সিনহুয়াকে ওই সূত্র বলেন, “শেখ জুবেইদের দক্ষিণে একটি গাড়ির আরোহী ৪ বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ের সময় নিহত হন। এছাড়া শহরের আলাদা আলাদা জায়গায় আরো ১৫ জঙ্গি নিহত হয়েছেন।”
মিশরীয় সেনাবাহিনীর উদ্যেগে সেনা ও পুলিশের সম্মিলিত বাহিনী জঙ্গি গোষ্ঠিগুলোর বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে।
গত বছর মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে সিনাই উপদ্বীপে জঙ্গি তৎপরতা বেড়ে যায়। এরপর চলতি বছর মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করার পর থেকে রাজধানী কায়রোসহ দেশটির বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালানো শুরু করে জঙ্গিরা।
এসব হামলার মধ্যে অধিকাংশ হামলার দায়িত্ব সিনাই ভিত্তিক আনসার বায়াত আল মাকদিস গোষ্ঠি স্বীকার করেছে। আল কায়েদায় অনুপ্রাণিত মাকদিসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে মিশর ও যুক্তরাষ্ট্র।
শনিবার নিরাপত্তা বাহিনী শেখ জুবেইদে একই ধরনের আরেকটি অভিযান চালিয়ে ৮ জঙ্গিকে হত্যা, তাদের ৩১টি আশ্রয়, ১০টি গাড়ি ও ২০টি মোটরসাইকেল ধ্বংস করে।
